তুরস্কে আবারও সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
তুরস্কে আবারও সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

তুরস্কের আবারও সামরিক বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা পাঁচজনের সবাই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) তুরস্কের এসকিশেহির প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রশিক্ষণ উড্ডয়নের সময় এএস-৫৩২ কুগার সিরিজের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ফ্রান্সের তৈরি এই মডেলের হেলিকপ্টার সেনা পরিবহনের কাজে ব্যবহৃত হয়।

বিবৃতিতে নিহত পাঁচ সেনাকে বীর সহযোদ্ধা উল্লেখ করে শোক প্রকাশ করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলের মধ্যবর্তী এসকিশেহির প্রদেশের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ উড়ার পর প্রদেশের তেপেবাসী জেলায় একটি খোলা তৃণভূমিতে হেলিকপ্টারটি ভূপাতিত হয়।

তুরস্কের সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থলে জরুরি সেবার যানবাহন দেখা গেছে। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে, গতকাল মঙ্গলবারের ঘটনার মাত্র ১২ দিন আগে অর্থাৎ, গত ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলে এস-৭০ সিরিজের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা চার সেনার সবাই নিহত হন। সেই দুর্ঘটনার কারণও এখন পর্যন্ত জানা যায়নি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সামরিক বাহিনী দ্বিতীয় বৃহত্তম। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশটির সেনারা মোতায়েন রয়েছেন। তুরস্কের নিজস্ব ভূখণ্ডে দীর্ঘদিন ধরে চলা কুর্দি বিদ্রোহের অবসান ঘটে ২০২৪ সালে। ওই বছর তুর্কি রাষ্ট্র ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু হয়।

/এফআর/