হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার বেত্রাঘাতের শিকার ইরানি গায়িকা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার বেত্রাঘাতের শিকার ইরানি গায়িকা
ইরানি গায়িকা পারাস্তু আহমাদি

হিজাব না পরে পুরুষ শিল্পীদের সঙ্গে গান গাওয়ার জেরে ইরানি গায়িকা পারাস্তু আহমাদি এবং তার প্রযোজনা দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এমতেদাদ এক প্রতিবেদনে জানায়, অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশ করে জন শালীনতা লঙ্ঘনের দায়ে আদালত তাদের এ দণ্ড দিয়েছে।

আসামিপক্ষের আইনজীবী মোস্তফা নিলির বরাতে ওই প্রতিবেদনে আরও বলা হয়, বেত্রাঘাতের পাশাপাশি পারাস্তু আহমাদি ও বাকি ৪ জনের ওপর দুই বছরের জন্য সব ধরনের শৈল্পিক ও সংগীতবিষয়ক কার্যক্রম পরিচালনা এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাওয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত। রাজধানী তেহরানের দক্ষিণে কোম শহরে ধারণ করা ওই ভিডিওতে পারাস্তুকে বাধ্যতামূলক হিজাব ছাড়াই পুরুষ যন্ত্রশিল্পীদের সঙ্গে সংগীত পরিবেশন করতে দেখা যায়। এ ছাড়া কাঁধ খোলা ফুলের নকশা করা টপ পরা অবস্থায় মাথায় হাত রেখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকা তার একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হয়েছিল।

পশ্চিমা দেশগুলো এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বরাবরই বেত্রাঘাতের মতো শাস্তিকে নির্যাতন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে সমালোচনা করে আসছে। তবে ইরান সরকার নিজেদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ওঠা এসব অভিযোগ নাকচ করে পাল্টা পশ্চিমা দেশগুলোকে তাদের নিজস্ব মানবাধিকার সমস্যার দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হওয়া কুর্দি-ইরানি তরুণী মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর ইরানে বাধ্যতামূলক হিজাব আইন নিয়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। এরপর থেকে তেহরানসহ দেশটির বিভিন্ন প্রান্তে প্রচলিত পোশাকবিধি অমান্য করার প্রবণতা ক্রমশ বাড়ছে এবং প্রশাসনের পক্ষ থেকেও আইন প্রয়োগের ক্ষেত্রে আগের চেয়ে কিছুটা বেছে বেছে পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/