শিরোনাম

ট্রাম্পের মন্তব্যে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

সিটিজেন ডেস্ক
ট্রাম্পের মন্তব্যে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হতে যাচ্ছে বলে আবারও মন্তব্য করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ মন্তব্যের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।

বুধবার (২০ মে) গ্রিনিচ সময় ভোর ৪টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলে ৮৮ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ১১০ দশমিক ৪০ ডলারে নেমে আসে। একই সময়ে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৬৭ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় অগ্রগতির কথা জানালে গতকালও উভয় বেঞ্চমার্কের দাম প্রায় এক ডলার করে কমে যায়।

এলএসইজির জ্যেষ্ঠ তেল গবেষণা বিশ্লেষক এমরিল জামিল বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সম্ভাব্য চুক্তির খবরে ভূ-রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করে বাজারে তেলের দাম কিছুটা শিথিল হয়েছে। তবে তিনি মনে করেন, দুই পক্ষের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছালেও যুদ্ধের আগের অবস্থায় তাৎক্ষণিকভাবে সরবরাহ স্বাভাবিক হবে না, তাই আগামীতে তেলের দাম আবার ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/