ইরানের ওপর স্থল অবরোধ অসম্ভব: আরাঘচি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরানের ওপর স্থল অবরোধ অসম্ভব: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ভৌগোলিক বিশালতা এবং একাধিক প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সীমান্ত থাকায় ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করা বাস্তবে অসম্ভব বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সোমবার (২৩ নভেম্বর) ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে তিনি জানান, বাইরের যেকোনো চাপ সামলে নেওয়ার মতো যথেষ্ট সক্ষমতা ইরানের প্রদেশগুলোর- বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশগুলোর রয়েছে।

আরাঘচি বলেন, ইরানের সীমান্তবর্তী প্রদেশ ও প্রতিবেশী অঞ্চলগুলোর মধ্যে নিবিড় সম্পর্ক এবং নিয়মিত যাতায়াত রয়েছে। এ ছাড়া সীমান্তের দুই পাশের মানুষের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনস্তরের যোগাযোগ বিদ্যমান। তার ভাষায়, এ সম্পর্ক প্রদেশগুলোকে সেসব পথ পুনরায় খুলে দেওয়ার সুযোগ করে দেয়, যা ইরানের শত্রুরা বন্ধ করতে চায়।

তিনি আরও বলেন, সরকার ও জনগণের যৌথ দায়িত্ব হলো প্রতিপক্ষকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যেন তারা নিষেধাজ্ঞার কার্যকারিতার ওপর আস্থা হারিয়ে ফেলে এবং চাপের হাতিয়ার হিসেবে এর ব্যবহার বন্ধ করে। আরাঘচি মনে করেন, এ ধরনের পদক্ষেপ মোকাবেলার সবচেয়ে কার্যকর উপায় হলো এটা প্রমাণ করা যে, নিষেধাজ্ঞা তার উদ্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারে না।

তবে নিষেধাজ্ঞা মোকাবিলা করার অর্থ এই নয় যে তেহরান আলোচনার পথ বন্ধ করে দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, নিষেধাজ্ঞা প্রতিরোধের পাশাপাশি আলোচনা ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

/এমএকে/