শিরোনাম

ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রায় দেড়শ: পেন্টাগন

সিটিজেন ডেস্ক
ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রায় দেড়শ: পেন্টাগন
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ১০ দিনে ১৫০ জনের মতো মার্কিন সেনা আহত হয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবারের (১০ মার্চ) আগে এই নিয়ে আরও কোনো খবর প্রকাশিত হয়নি বলে দাবি রয়টার্সের। তবে এর আগে পেন্টাগন শুধু জানিয়েছিল, এই যুদ্ধে ৮ মার্কিন সেনা গুরুতর আহত হয়েছেন।

রয়টার্সের খবর প্রকাশের পর এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, আহত সেনার সংখ্যা প্রায় ১৪০ জনের মতো আর তাদের অধিকাংশের আঘাত তেমন গুরুতর নয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেন, ‘এপিক ফিউরি’ অভিযান শুরুর পর থেকে ১০ দিন ধরে লাগাতার আক্রমণের মধ্যে প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছেন।

তিনি জানান, আহতদের মধ্যে ১০৮ জন সেনা এরইমধ্যে দায়িত্বে ফিরে গেছেন। আর গুরুতর আহত ৮ সেনা সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা সেবা পাচ্ছেন।

২৮ ফেব্রুয়ারি সকাল থেকে ইরানে হামলা শুরু করে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যস্থল করে পাল্টা হামলা শুরু করে ইরানি বাহিনী। তারা উপসাগরীয় আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন, হোটেল, বিমানবন্দর ও তেল অবকাঠামোগুলোতে আঘাত হেনে সেগুলো ক্ষতিগ্রস্ত করে।

পেন্টাগন দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের অস্ত্রাগার ও ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে মার্কিন বাহিনী বোমাবর্ষণ করায় ইরানি হামলার সংখ্যা ব্যাপকভাবে কমেছে।

মার্কিন সামরিক বাহিনী যুদ্ধ শুরুর সময় যেমনটি প্রত্যাশা করেছিল ইরান তার চেয়ে শক্তিশালী প্রতিপক্ষ কি না, এমন প্রশ্নে বাহিনীটির জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন মঙ্গলবার জানান, যুদ্ধটি প্রত্যাশার চেয়ে বেশি কঠিন নয়।

ইরান দাবি করেছে, তাদের সশস্ত্র বাহিনীর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক বাহিনীর ২০০ জনের বেশি সদস্য নিহত বা আহত হয়েছেন।

/এফসি/