শিরোনাম

রাজধানীতে দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডায় দেয়াল ধসে দুই শিশু মারা গেছে। তারা হলো– আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)।

বুধবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০ নং লেনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক বেলা দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আয়েশার বাবা মো. ইকবাল হোসেন জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার বরুরা উপজেলায়। বর্তমানে পূর্বাঞ্চল ৮ নম্বর লেনে থাকেন। তার এক ছেলে ও দুই মেয়ের মধ্যে আয়েশা দ্বিতীয়। সে স্থানীয় শহীদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়তো।

তিনি আরও জানান, তাদের পাশের বাড়িতে থাকে মরিয়মের পরিবার। দুপুরে বাসায় ছিলেন তিনি। এসময় রাস্তায় খেলা করছিল শিশু দুটি। তাদের বাসার পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের কাজ চলছিল। বাড়িটির সীমানা প্রাচীর ভাঙা হয়নি। ভেতরে দেয়ালের পাশেই রাখা ছিল ইট, বালু। শিশু দুটি যখন ঠিক দেয়ালের পাশে রাস্তায় খেলছিল, তখনই সেটি ধসে তাদের উপর পড়ে। এতে চাপা পড়ে আয়েশা ও মরিয়ম। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।

এদিকে, নুসরাত জাহান মরিয়মের বাবা রাজমিস্ত্রী মো. শরিফ জানান, তার একমাত্র মেয়ে মরিয়ম। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে। পাশের বাসার আয়েশার সঙ্গে প্রতিদিন খেলতো। আজকেও আয়েশার সঙ্গে খেলতে যায়। পাশের বাসার দেয়াল চাপায় আমার মেয়েসহ আয়েশাও মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

/এফসি/