শিরোনাম

টানা দ্বিতীয় দিন বাড়লো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
টানা দ্বিতীয় দিন বাড়লো স্বর্ণের দাম
ছবি: আরব নিউজ

টানা দ্বিতীয় দিনের মতো দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন করে ভরিতে দুই হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।

বুধবার (১১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকায়।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যরেট রুপার ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮২ টাকা।

/এসএ/