শিরোনাম

সমঝোতার রূপরেখা চূড়ান্ত ছাড়া আলোচনা নয়: ইরান

সিটিজেন ডেস্ক
সমঝোতার রূপরেখা চূড়ান্ত ছাড়া আলোচনা নয়: ইরান
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসার আগে একটি চূড়ান্ত সমঝোতার রূপরেখা চায় ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ জানিয়েছেন, এ রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নতুন করে কোনো বৈঠকের তারিখ নির্ধারণ করা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটনের পক্ষ থেকে কিছু অতিরিক্ত দাবি উত্থাপন করার কারণেই মূলত দুই দেশ এখনো অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

এদিকে, তেহরান ইতোমধ্যে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নিজেদের শর্তগুলো ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে। ওই বার্তায় আরও জানানো হয়, তেহরান দীর্ঘ ও অর্থহীন আলোচনায় সময় নষ্ট করতে চায় না।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত দু'পক্ষের প্রথম দফার শান্তি আলোচনা কোনো ইতিবাচক ফল ছাড়াই শেষ হয়। বর্তমানে দেশ দুটির মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, দ্বিতীয় দফার আলোচনার জন্য তাদের পুনরায় টেবিলে ফেরাতে জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এরই ধারাবাহিকতায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেশ কিছু নতুন প্রস্তাব পাঠানো হয়েছে, যা বর্তমানে ইরান পর্যালোচনা করে দেখছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রস্তাবগুলোর বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: আল জাজিরা

/এমএকে/