শিরোনাম

সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ, মানছেন না ফিলিং স্টেশন মালিকরা

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ, মানছেন না ফিলিং স্টেশন মালিকরা
ফিলিং স্টেশন। ছবি: সংবাদদাতা

সাতক্ষীরায় ফিলিং স্টেশনগুলোতে মজুত থাকা জ্বালানি তেল সরকার নির্ধারিত আগের দামে বিক্রির নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আখতার। তবে জেলা প্রশাসনের এই নির্দেশনা উপেক্ষা করেই বর্ধিত দামে তেল বিক্রির অভিযোগ উঠেছে পাম্পগুলোর বিরুদ্ধে।

রবিবার (১৯ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়, সাতক্ষীরার ২৯টি ফিলিং স্টেশনে বর্তমানে ১ লাখ ১ হাজার ৪৩২ লিটার ডিজেল, ৫৪ হাজার ৪৮৫ লিটার পেট্রোল এবং ২২ হাজার ৬৮৩ লিটার অকটেন মজুত রয়েছে।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ থেকেই কার্যকর হওয়ার কথা।

তবে মাঠপর্যায়ের চিত্র ভিন্ন। রবিবার সকালে শহরের 'এ বি খান ফিলিং স্টেশন'সহ বিভিন্ন পাম্পে গিয়ে দেখা যায়, প্রশাসনের নির্দেশনা তোয়াক্কা না করে মজুত থাকা তেলও বাড়তি দামে বিক্রি করা হচ্ছে।

এ বিষয়ে এ বি খান ফিলিং স্টেশনের পরিচালক তাহসিন কবির খান গণমাধ্যমকে বলেন, মজুত তেল আগের দামে বিক্রি করার বিষয়ে আমি জেলা প্রশাসন থেকে কোনো নির্দেশনা পাইনি।

সাতক্ষীরা জেলা প্রশাসন জানিয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদারকি জোরদার করা হয়েছে।

/এসআর/