শিরোনাম

হিজবুল্লাহর হামলায় লেবাননে দুই দিনে ২ ইসরায়েলি সেনা নিহত

সিটিজেন ডেস্ক
হিজবুল্লাহর হামলায় লেবাননে দুই দিনে ২ ইসরায়েলি সেনা নিহত
ইসরায়েলি সেনার একটি দল। ছবি: সংগৃহীত

গত দুই দিনে দক্ষিণ লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আরও দুই সেনা নিহত হয়েছেন। এর ফলে চলমান এ সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১৫ জন ইসরায়েলি সেনা নিহত হলেন। আইডিএফ-এর ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ এপ্রিল) সার্জেন্ট মেজর (রিজার্ভ) বারাক কালফন নিহত হন। একদিন পর শনিবার (১৮ এপ্রিল) সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) লিডর পোরাত (৩১) প্রাণ হারান। এ দুই ঘটনায় আরও ১২ জন সেনা আহত হয়েছেন বলে আইডিএফ জানিয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানের সমর্থনে লেবানন-ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি হামলার পর গত মার্চের শুরুতে নতুন করে এ সংঘাতের সূত্রপাত ঘটে। এরপর থেকে ইসরায়েল লেবাননের ওপর ক্রমাগত বোমা হামলা চালিয়ে আসছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৬ সপ্তাহে ইসরায়েলি হামলায় দুই হাজারেরও বেশি মানুষ নিহত এবং সাত হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তবে চলমান এ পরিস্থিতির মধ্যেই চলতি সপ্তাহের শুরুতে ১০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

এদিকে, ইসরায়েলি সেনা নিহতের এ খবর প্রকাশের মাত্র কয়েক ঘণ্টা আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো এক ঘোষণায় জানান, শনিবার (১৮ এপ্রিল) লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত এক ফরাসি সেনাসদস্যও নিহত হয়েছেন।

সূত্র: সিএনএন

/এমএকে/