শিরোনাম

চীনের মুদ্রায় ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত

বিশেষ প্রতিনিধি
চীনের মুদ্রায় ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত
চীনের মুদ্রা ইউয়ান| ছবি: সংগৃহীত

ইরান থেকে প্রতি বছর বিপুল পরিমাণ জ্বালানি তেল কেনে ভারত | আগে মার্কিন ডলারেই তেলের দাম পরিশোধ করতো ভারত | কিন্তু এখন ভারত চীনের মুদ্রা ইউয়ান দিয়ে জ্বালানি তেলের মূল্য পরিশোধ করছে|

ভারতের আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে এসব লেনদেন করা হচ্ছে| বিষয়টি সম্পর্কে অবগত এমন কয়েকটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে|

যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরান ও রাশিয়ার জ্বালানি তেল কেনাবেচার জন্য ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে| ইরান যুদ্ধের জেরে বেড়ে যাওয়া তেলের দাম স্থিতিশীল রাখতেই গত মাসে এ ঘোষণা দেয় ওয়াশিংটন| এমন এক পরিস্থিতিতে ইউয়ান দিয়ে ইরান থেকে ভারতের তেল কেনার খবর পাওয়া গেছে|

সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, এই মাসের শুরুতে ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ‘ইন্ডিয়ান অয়েল করপোরেশন’ প্রায় ৯ বছর পর প্রথম ২০ লাখ ব্যারেল তেল কিনেছে| এই চালানের তেলের মূল্য প্রায় ২০ কোটি ডলার|

এ ছাড়া আরেক ভারতীয় প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য ইরানি তেল বহনকারী চারটি জাহাজ সম্প্রতি ভিড়তে দিয়েছে ভারত| এসব জাহাজের মধ্যে ‘এমটি ফেলিসিটি’ নামের একটি জাহাজ ইতিমধ্যে তেল খালাসও করেছে|

সূত্র জানিয়েছে, ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও রিলায়েন্স—দুই প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে ইউয়ানে ইরানের তেলের মূল্য পরিশোধ করে| ব্যাংকটি তাদের সাংহাই শাখার মাধ্যমে তেলের দাম পাঠাচ্ছে বিক্রেতাদের কাছে|

বিষয়টি নিয়ে জানতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ভারতের আইসিআইসিআই ব্যাংক, ইন্ডিয়ান অয়েল করপোরেশন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেও সাড়া পায়নি |

তেহরানের ওপর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে তেলের মূল্য পরিশোধে জটিলতা দেখা দেয়| এ কারণে অনেক ক্রেতা তেল কিনতে আগ্রহ দেখাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা|

/বিবি/