শিরোনাম

আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

সিটিজেন ডেস্ক
আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা
আল–আকসা মসজিদের প্রাঙ্গণে ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। ছবি: আল জাজিরা

পবিত্র আল-আকসা মসজিদের প্রাঙ্গণের কাছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে মুসল্লিদের ওপর টিয়ার গ্যাসের শেল ছুড়েছে ও হামলা চালিয়েছে তারা।

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি কর্তৃপক্ষ পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ করে রেখেছে। এরই মধ্যে আজ শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটল।

শুক্রবার সকালে ঈদুল ফিতরের নামাজ পড়তে শত শত মুসল্লি ওল্ড সিটির প্রবেশপথে ইসরায়েলি সেনার বাধার মুখে পড়েন। পরে সড়কেই নামাজ আদায় করেন তারা। আল-আকসা চত্বরে প্রবেশ করতে না পেরে তারা স্থাপনাটির যতটা সম্ভব কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়েন।

আল-আকসা বন্ধের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে আরব লীগ, ওআইসি এবং আফ্রিকান ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে তারা একে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ এবং ‘মুসলিমদের অনুভূতির ওপর আঘাত’ বলে অভিহিত করেছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, উস্কানিমূলক এমন কর্মকাণ্ডের ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় ইসরায়েলকেই বহন করতে হবে।

সূত্র: আল জাজিরা

/বিবি/