শিরোনাম

ফোল্ডিং ‘আইফোন আল্ট্রা’ আনছে অ্যাপল, দাম কত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ফোল্ডিং ‘আইফোন আল্ট্রা’ আনছে অ্যাপল, দাম কত
অ্যাপলের প্রথম ফোল্ডিং ফোন ‘আইফোন আল্ট্রা’

এবার ফোল্ডিং স্মার্টফোনের বাজারে পা রাখতে যাচ্ছে অ্যাপল। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি শিগগিরই বাজারে আনতে পারে তাদের প্রথম ফোল্ডেবল ফোন ‘আইফোন আল্ট্রা’। ফোনটির বিক্রয়মূল্য হতে পারে ২ হাজার ৫৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ১৩ হাজার টাকা।

আগামী ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উন্মোচন অ্যাপলের নতুন ফোন ‘আইফোন আল্ট্রা’। এর আগে, একটি অনুষ্ঠানে সম্ভাব্য ডিসপ্লের নমুনা প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ আরও বেড়ে যায়।

বিভিন্ন ‍সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফোল্ডেবল আইফোনের ডিসপ্লে তৈরির দায়িত্বে রয়েছে স্যামসাং। তবে হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারকে ভাঁজযোগ্য স্ক্রিনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে অ্যাপল দীর্ঘ সময় ধরে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, নতুন আইফোনে থাকতে পারে অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম আইওএস ২৭-এর বিশেষ সংস্করণ। ফোল্ডেবল স্ক্রিনের সুবিধা কাজে লাগাতে অপারেটিং সিস্টেমে বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে। বড় পর্দায় একাধিক কাজ করার সুযোগ, উন্নত মাল্টিটাস্কিং এবং ভাঁজ খোলা ও বন্ধের সঙ্গে মানানসই ইউজার ইন্টারফেস-এসব সুবিধা ফোনটিকে অন্য আইফোনের তুলনায় আলাদা করে তুলতে পারে।

দাম নিয়ে অবশ্য অ্যাপল ভক্তদের জন্য সুখবর নেই। বাজার বিশ্লেষকদের মতে, বাংলাদেশে ফোল্ডেবল আইফোনের প্রাথমিক দাম হতে পারে প্রায় ৩ লাখ ১৩ হাজার টাকা। ফলে এটি অ্যাপলের সবচেয়ে দামি আইফোনগুলোর একটি হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য এর বিনিময়ে ব্যবহারকারীরা পাবেন অত্যাধুনিক প্রযুক্তি ও প্রিমিয়াম হার্ডওয়্যারের সমন্বয়।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আইডিসি জানিয়েছে, ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রবেশের পর অ্যাপল দ্রুতই বড় ধরনের অবস্থান তৈরি করতে পারে। ২০২৭ সালের মধ্যে প্রতিষ্ঠানটির ফোল্ডেবল আইফোন বৈশ্বিক বাজারের প্রায় ৪০ শতাংশ দখলে নিতে পারে। শুধু বিক্রির সংখ্যায় নয়, আয়ের দিক থেকেও অ্যাপলের প্রভাব আরও বেশি হতে পারে। ফোল্ডেবল ফোন বিক্রি থেকে তৈরি মোট বাজারমূল্যের অর্ধেকেরও বেশি অ্যাপলের দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অ্যাপল ফোল্ডেবল আইফোন নিয়ে বাজারে এলে এতদিনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও হুয়াওয়ের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে হবে প্রতিষ্ঠানটিকে। দীর্ঘদিন ধরেই এই দুই কোম্পানি ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে।

/এসবি/