শিরোনাম

নেপালে নিখোঁজদের প্রতীকী শেষকৃত্য করছেন স্বজনরা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নেপালে নিখোঁজদের প্রতীকী শেষকৃত্য করছেন স্বজনরা
নিখোঁজ প্রিয়জনদের প্রতীকী শেষকৃত্য করছে পরিবারগুলো

গত সপ্তাহের আকস্মিক বন্যায় নিখোঁজ প্রিয়জনদের জীবিত ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন নেপালের বহু পরিবার। দিন যতই গড়াচ্ছে, অলৌকিক কিছুর অপেক্ষা শেষ হয়ে গ্রাস করছে নির্মম বাস্তবতা। প্রিয়জনের মরদেহটুকু পর্যন্ত না পাওয়ায় শেষ পর্যন্ত ধর্মীয় আচার মেনে প্রতীকী দাহ সংস্কারের আশ্রয় নিচ্ছেন শোকাহত স্বজনরা। মানসিকভাবে ভেঙে পড়া পরিবারগুলোর কাছে এখন শোক সামলে আধ্যাত্মিক স্বস্তি পাওয়ার এটাই শেষ অবলম্বন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম নুয়াকোটে এখন চারদিকেই স্বজন হারানোর হাহাকার। সেখানকার বেশ কয়েকটি পরিবার ইতোমধ্যেই প্রিয়জনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করেছে। নুয়াকোটের বাসিন্দা মুকুন্দ রিজাল জানান, তার কয়েকজন চাচাতো ভাই ও তাদের মেয়েদের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা না থাকায় বাধ্য হয়ে পরিবারটি প্রতীকীভাবে শেষকৃত্যের আয়োজন করে।

ত্রিশূলী নদীর তীরে আয়োজিত এ প্রতীকী শেষকৃত্যে ফুটে ওঠে এক হৃদয়বিদারক দৃশ্য। নিখোঁজ ব্যক্তিদের প্রতীক হিসেবে খড় দিয়ে কয়েকটি মানুষের অবয়ব তৈরি করেন পুরোহিত। এরপর ছোট ছোট কাঠের স্তূপ দিয়ে সেগুলো ঢেকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী চিতার চারপাশে নিবেদন করা হয় পূজা-সামগ্রী। নদীর পাড়ে দাঁড়িয়ে কান্নাভেজা চোখে স্বজনরা অংশ নেন সেই বিদায়ানুষ্ঠানে।

এমন ট্র্যাজেডির মাঝেও কিছুটা স্বস্তির খবর মিলেছে বিদেশি পর্যটকদের ক্ষেত্রে। বন্যায় নিখোঁজ হিসেবে তালিকায় থাকা কয়েকজন বিদেশি পর্যটকের শেষ পর্যন্ত সন্ধান পাওয়া গেছে। নেপাল পর্যটন বোর্ডের মুখপাত্র সুনীল শর্মা জানান, নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত অন্তত আরও পাঁচ বিদেশি পর্যটক গত কয়েক দিনে ই-মেইল বা ফোনের মাধ্যমে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। পর্যটকদের সাড়া মেলায় আগের তৈরি করা নিখোঁজের তালিকাটি দ্রুত সংশোধনের কাজ চালাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র: আল জাজিরা

/এমএকে/