শিরোনাম

ইরানের ইস্পাহানে ৯০০ কেজির ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেললো যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
ইরানের ইস্পাহানে ৯০০ কেজির ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেললো যুক্তরাষ্ট্র
ইরানের ইস্পাহানে যুক্তরাষ্ট্রের বাঙ্কার বাস্টার হামলা। ছবি: সংগৃহীত

মার্কিন সামরিক বাহিনী ইরানের ইস্পাহানে একটি বিশাল গোলাবারুদের ডিপোতে ২ হাজার পাউন্ডের (৯০৭ কেজি) ‘বাঙ্কার বাস্টার’ বোমা দিয়ে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় বিপুলসংখ্যক ‘পেনিট্রেটর মিউনিশন’ বা ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসকারী অস্ত্র ব্যবহার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে ইস্পাহানে বিশাল বিস্ফোরণের একটি ভিডিও শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো ক্যাপশন ছাড়াই করা ওই পোস্টের পর এ প্রতিবেদনটি প্রকাশিত হয়।

ট্রাম্পের ওই ভিডিওটি ইস্পাহানের উপকণ্ঠে চালানো একটি বড় ধরনের হামলার বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বেলুচ মানবাধিকার গোষ্ঠী ‘হালভাশ’ ইস্পাহানের বাইরে থেকে ধারণ করা একই ধরনের আরও কিছু ভিডিও শেয়ার করেছে। নাসার স্যাটেলাইটের তথ্য, বিস্ফোরণগুলো সোফেহ পাহাড়ের কাছে ঘটেছে। ধারণা করা হয়, ওই এলাকায় সামরিক অবস্থান রয়েছে।

ভিডিওগুলোতে আগুনের বিশাল কুণ্ডলী দেখা গেছে। এছাড়াও বারবার হতে থাকা ছোট ছোট বিস্ফোরণ দেখা গেছে। সাধারণত গোলাবারুদের ডিপোতে আগুন লাগলে এ ধরনের বিস্ফোরণ ঘটে থাকে।

সূত্র: আল জাজিরা ও গালফ নিউজ

/জেএইচ/