শিরোনাম

এক মাসে চার বক্স কালভার্ট পরিষ্কারের লক্ষ্য ডিএসসিসির: প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
এক মাসে চার বক্স কালভার্ট পরিষ্কারের লক্ষ্য ডিএসসিসির: প্রশাসক
সেগুনবাগিচা বক্স কালভার্ট পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনকালে ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীতে জলাবদ্ধতা কমাতে চারটি বক্স কালভার্ট এক মাসের মধ্যে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সেগুনবাগিচা বক্স কালভার্ট পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনকালে ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম এ তথ্য জানান।

তিনি বলেন, সাধারণত একটি বক্স কালভার্ট পরিষ্কার করতে প্রায় পাঁচ মাস সময় লাগে। তবে আসন্ন বর্ষা মৌসুমের কথা বিবেচনায় নিয়ে দ্রুত কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ষার আগে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা জরুরি, তাই আমরা এক মাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করার চেষ্টা করবো।

সেগুনবাগিচা বক্স কালভার্টটি শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংক, বক্স কালভার্ট রোড, টয়েনবী সার্কুলার রোড হয়ে টিটিপাড়া পাম্প স্টেশন পর্যন্ত বিস্তৃত। প্রায় ২.৮৫ কিলোমিটার দীর্ঘ এই কালভার্টটির প্রস্থ ১৬ ফুট এবং গভীরতা ১৮ থেকে ২০ ফুট। এর পানি কমলাপুরের টিটিপাড়া পাম্প স্টেশন হয়ে মান্ডা খালে গিয়ে পড়ে।

আব্দুস সালাম জানান, এই কালভার্ট পরিষ্কার হলে সেগুনবাগিচা, সচিবালয়, পল্টন, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল ও নয়াপল্টনসহ আশপাশের প্রায় ১০ লাখ মানুষ উপকৃত হবে। কাজের জন্য লং বুম এক্সকাভেটর, পুলিং মেশিন, ডাম্প ট্রাক ও ডুবুরি ব্যবহার করা হবে।

তিনি বলেন, বর্তমানে ঢাকা শহরে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য তিনটি প্রধান আউটলেট রয়েছে– কমলাপুরের টিটিপাড়া, ধোলাইখাল ও হাতিরঝিল। এসব আউটলেট দিয়ে প্রায় ১০৯.২৪ বর্গকিলোমিটার এলাকার পানি নিষ্কাশন হয়, যা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। তাই নতুন আরও দুটি আউটলেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নিউ মার্কেট, ধানমন্ডি ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে পৃথক প্রকল্প নেওয়ার কথাও জানান তিনি। শ্যামপুর খালের পানি বুড়িগঙ্গা নদীতে সরাসরি নিষ্কাশনের জন্য বক্স কালভার্ট ও বড় ব্যাসের নর্দমা নির্মাণ কাজ চলমান রয়েছে।

ডিএসসিসি ইতোমধ্যে জলাবদ্ধতার জন্য ৩৩টি হটস্পট চিহ্নিত করেছে। এসব এলাকার পানি দ্রুত নিষ্কাশনের লক্ষ্যে ২৪টি খাল ও চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় ছয়টি নতুন পোর্টেবল পাম্প কেনা হয়েছে, আগে থাকা দুটি পাম্পও ব্যবহৃত হবে।

নগরবাসীকে ড্রেন ও খালে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান ডিএসসিসির প্রশাসক।

/এসএ/