শিরোনাম

মজুত তেল ৩০০ টাকা দরে বিক্রি করছিলেন দোকানি

রাজশাহী সংবাদদাতা
মজুত তেল ৩০০ টাকা দরে বিক্রি করছিলেন দোকানি
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারা উপজেলায় গোপনে ২৫০ থেকে ৩০০ টাকা লিটার দরে জ্বালানি তেল বিক্রি করছিলেন আবদুস সাত্তার নামে এক মুদি দোকানি। এমন খবরে মঙ্গলবার (৩১ মার্চ) অভিযান চালায় উপজেলা প্রশাসন। পরে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অবৈধভাবে মজুত করা ৬৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত তেল খোলাবাজারে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয় বলে জানা গেছে।

ব্যবসায়ী আবদুস সাত্তার ঝিকড়ার নামকান গ্রামের মৃত কেফাতুল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ভবানীগঞ্জ এলাকায় ব্যবসা করে আসছেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি ময়েজ উদ্দিন মার্কেটে জ্বালানি তেল মজুত করা হয়েছিল। সুযোগ পেলেই ২৫০ থেকে ৩০০ টাকা লিটার দরে বিক্রি করতেন তিনি। খবর পেয়ে আজ মঙ্গলবার ভোরে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে মুদি দোকানি আবদুস সাত্তারকে আটক করে। সেখানে থাকা ব্যারেল ও জারকিন জব্দ করা হয়। এর মধ্যে ৪০০ লিটার পেট্রোল ও ১০০ লিটার ডিজেল পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুস সাত্তার বলেন, অধিক দামে বিক্রির জন্য আমি পেট্রোল ও ডিজেল মজুত করেছি। আজ ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় আমাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/এসআর/