শিরোনাম

হরমুজ প্রণালি পার হলো চীনের দুই জাহাজ

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালি পার হলো চীনের দুই জাহাজ
দুবাইয়ের বহিঃবন্দরে গত সপ্তাহে নোঙ্গর করা দুটি জাহাজ। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগর থেকে বেরিয়ে গেছে চীনের দুটি কনটেইনারবাহী জাহাজ। সোমবার (৩০ মার্চ) জাহাজ দুটি একে অপরের খুব কাছাকাছি থেকে এ গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে সমুদ্রের দিকে পাড়ি জমায়।

জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য বলছে, গত শুক্রবার গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করার পর মাঝপথ থেকে ফিরে আসে জাহাজ দুটি। দ্বিতীয় প্রচেষ্টায় হরমুজ প্রণালি অতিক্রম করে।

মেরিন ট্রাফিকের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘কেপলার’-এর তথ্য বিশ্লেষক রেবেকা গার্ডেস জানান,সোমবার দ্বিতীয় প্রচেষ্টায় জাহাজ দুটি সফলভাবে পারস্য উপসাগর পার হয়েছে। যুদ্ধ শুরুর পর ইরানি পতাকাবাহী জাহাজ বাদে এগুলোই প্রথম কোনো কনটেইনারবাহী জাহাজ যা এ অঞ্চল থেকে বের হতে পারল।

রেবেকা আরও জানান, হরমুজ প্রণালি ছেড়ে জাহাজ দুটি ওমান উপসাগরের দিকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।

ইরান বর্তমানে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে। তবে যে দেশগুলোকে তারা ‘বন্ধুত্বপূর্ণ’ কিংবা ‘শত্রু নয়’ বলে মনে করে, তাদের অল্প কিছু জাহাজ যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে।

কসকো শিপিংয়ের বিশাল এ দুটি কনটেইনারবাহী জাহাজের পার হওয়া বেইজিং ও তেহরানের মধ্যে কূটনৈতিক সফলতার ইঙ্গিত দিচ্ছে। এর ফলে ইরান তাদের বন্ধু দেশের তালিকা আরও বড় করছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এফসি/