শিরোনাম

এমপিদের আসবাবপত্র কেনাকাটায় যেন ‘বালিশ কাণ্ড’ না ঘটে: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক
এমপিদের আসবাবপত্র কেনাকাটায় যেন ‘বালিশ কাণ্ড’ না ঘটে: চিফ হুইপ
ছবি: সংগৃহীত

সংসদের সদস্যদের (এমপি) জন্য বরাদ্দকৃত ভবনের আসবাবপত্র কেনাকাটায় কোনো ধরনের অনিয়ম বা ‘নয়-ছয়’ বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেছেন, অতীতে আলোচিত ‘বালিশ, পর্দা বা ছাগল কাণ্ড’র মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

সোমবার (৩০ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির দ্বিতীয় বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে আসবাবপত্র কেনাকাটার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করা এবং ক্রয়মূল্য যৌক্তিক রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্যদের আবাসিক ভবনের সংস্কার ও মেরামত কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী ১০ এপ্রিলের মধ্যে এসব বাসা বরাদ্দ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে শেরেবাংলা নগরের এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষ সংস্কারের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

সংসদ ভবনের ব্যবস্থাপনা তদারকির জন্য দুটি সাব-কমিটি গঠন করা হয়েছে। সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিত করতে রকিবুল ইসলামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। ক্যান্টিনের খাবার, পানির মান এবং এমপি ভবনের আসবাবপত্রের গুণগত মান যাচাইয়ে নায়ার ইউসুফ আহমেদকে আহ্বায়ক করে আরেকটি কমিটি করা হয়েছে।

এছাড়া সংসদ সদস্যদের জন্য ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়া এলাকায় নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফসি/