শিরোনাম

‘২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলার আশঙ্কা’

সিটিজেন ডেস্ক
‘২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলার আশঙ্কা’

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে পুনরায় সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র বলে আশঙ্কা প্রকাশ করেছেন, কাতারের দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহামাদ এলমাসরি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক এলমাসরির মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় দিক থেকেই তীব্র চাপের মুখে রয়েছেন। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসনের ভেতরে থাকা কট্টরপন্থী নীতিনির্ধারকেরা ইরানের বিরুদ্ধে চূড়ান্ত ও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য তাকে ক্রমাগত চাপ দিচ্ছেন। ট্রাম্প শুরুতে ইরানের কাছ থেকে যে ধরনের আত্মসমর্পণ আশা করেছিলেন, বাস্তব পরিস্থিতি তার সম্পূর্ণ উল্টো দিকে মোড় নিয়েছে। এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক বৈঠক থেকেও মার্কিন প্রেসিডেন্টের প্রত্যাশা অনুযায়ী কোনও ইতিবাচক ফলাফল আসেনি।

এ বিশ্লেষক মনে করেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করাই ওয়াশিংটনের জন্য সবচেয়ে বিচক্ষণ সিদ্ধান্ত হবে। কারণ এ সংঘাত রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই যুক্তরাষ্ট্রের জন্য এক বিশাল চাপ ও চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, যা ট্রাম্পের জন্য বড় ধরনের রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। তবে এত কিছুর পরও বিজয় ঘোষণা ছাড়া ট্রাম্প সহজে পিছু হটবেন না বলেই মনে করছেন এলমাসরি। এদিকে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে, কারণ নতুন করে কোনও সামরিক সংঘাত শুরু হলে তা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে চিরতরে অস্থিতিশীল করে তুলতে পারে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/