শিরোনাম

ইরানের গোয়েন্দামন্ত্রী কে এই ইসমাইল খাতিব

সিটিজেন ডেস্ক
ইরানের গোয়েন্দামন্ত্রী কে এই ইসমাইল খাতিব
ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব। ছবি: সংগৃহীত

ইসরায়েল দাবি করেছে, ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব মঙ্গলবার দিবাগত রাতে এক হামলায় নিহত হয়েছেন।

৬৫ বছর বয়সী খাতিব ২০২১ সাল থেকে ইরানের গোয়েন্দামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে পাল্টা গুপ্তচরবৃত্তির তদারকি করতেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার জানান, খাতিবকে ‘নির্মূল’ করা হয়েছে। তিনি আরও বলেন, এখন থেকে কোনো অনুমোদন ছাড়াই জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার অনুমতি দেওয়া হয়েছে।

তার ভাষায়, ‘আমরা তাদের সবাইকে খুঁজে বের করে প্রতিহত করব।’ তবে খাতিবের মৃত্যুর বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ইরান।

যদি এই দাবি সত্য হয়, তাহলে এটি ইরানের গোয়েন্দা কাঠামোর জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হবে। কারণ খাতিবের দীর্ঘ অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক জ্ঞান তার উত্তরসূরিদের মধ্যে নাও থাকতে পারে।

তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন। ১৯৮০ সালে ইরান-ইরাক যুদ্ধের সময় তিনি গোয়েন্দা কার্যক্রমে যুক্ত হন এবং ধীরে ধীরে নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন।

দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গোয়েন্দা পদে দায়িত্ব পালন করার পর ২০১০ সালে তিনি আলী খামেনির নিরাপত্তা টিমে যোগ দেন। পরে বিচার বিভাগের সুরক্ষা প্রধান হিসেবে কাজ করেন এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মন্ত্রিসভায় যোগ দেন।

২০২৫ সালে তিনি স্বীকার করেছিলেন যে, ইরানে ‘অনুপ্রবেশ সবসময় ছিল এবং থাকবে’, যেমন ইরানও অন্য দেশ ও ইসরায়েলে অনুপ্রবেশ চালায়।

তার দায়িত্বকালে গোয়েন্দা মন্ত্রণালয় ও আইআরজিসি গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় বাড়ে। যদিও আগে এই দুটি সংস্থা প্রায়ই প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকত।

সূত্র: দ্য টেলিগ্রাফ

/জেএইচ/