রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
রোহিঙ্গা শরণার্থী

রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের ৫ জন শীর্ষ সামরিক নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এ অপরাধে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করার পর এ পদক্ষেপ নেওয়া হলো। গণহত্যার দায়ে কোনো রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করার এটাই প্রথম নজির।

গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালত এক ঐতিহাসিক রায়ে জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে চালানো নৃশংস সামরিক অভিযানে মিয়ানমার গণহত্যা চালিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের নিয়ে গঠিত প্যানেলে ৯-৬ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় এ রায় দেওয়া হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালত জানায়, সংগৃহীত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দেখা গেছে গণহত্যার অভিপ্রায়ই একমাত্র যুক্তিসঙ্গত অনুমান হিসেবে উপনীত হওয়া যায়। আদালত আরও জানিয়েছে, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের একাধিক ধারা লঙ্ঘন করেছে। যুক্তরাজ্যের পাশাপাশি অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ বেশ কয়েকটি দেশ আইসিজের এ রায়কে স্বীকৃতি দিয়েছে।

রায় ঘোষণার পর পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, গণহত্যার মতো অত্যন্ত মর্মান্তিক অপরাধের প্রতি আমাদের প্রতিক্রিয়া অবশ্যই আমাদের মূল্যবোধের প্রতিফলন ঘটাবে এবং এর সঙ্গে সুস্পষ্ট পদক্ষেপও যুক্ত করতে হবে। নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ সিনিয়র সামরিক নেতা হলেন- মায়ো হাটুট হ্লাইং, মায়ো মিন তুন, মায়াট থেট ওও, কিয়াও সো এবং কিয়াও স্বার ওও। মিলিব্যান্ড আরও উল্লেখ করেন, ২০২১ সালে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার মুখে পড়া মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং অনেক নৃশংসতার জন্য সরাসরি দায়ী। কারণ, ২০১৭ সালের ও গণহত্যার সময় তিনিই দেশটির সেনাপ্রধান ছিলেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সোমবার (২৩ নভেম্বর) জানান, দেশটিতে বিমানের জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করতে নতুন আইন পাস করা হবে। এর আগে আইসিজের রায়ের পরপরই গত সপ্তাহে তিনি মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেন। মিলিব্যান্ড আরও জানান, যুক্তরাজ্য চলতি সপ্তাহেই বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলবে এবং আগামী পনেরো দিনের মধ্যে এ নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে মিলিব্যান্ড বলেন, মিয়ানমারকে অবশ্যই চলমান লঙ্ঘন বন্ধ করতে হবে, অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে যাতে এমন নৃশংসতা আর না ঘটে তা প্রতিরোধ করতে হবে। একইসঙ্গে তিনি মানবিক সহায়তা পৌঁছানোর পথ সুগম করতে অবিলম্বে সংঘাত ও বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের জন্য সংলাপ শুরুর আহ্বান জানান।

আদালতের রায়ে উঠে এসেছে, বাংলাদেশ ও বঙ্গোপসাগর সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি অসংখ্য নারী ও কিশোরীকে ধর্ষণ করা হয়েছিল। সে সময় হাজার হাজার মানুষ নিহত হন এবং ৭ লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার ছাড়তে বাধ্য হন। মিলিব্যান্ড জানান, বর্তমানে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী দেশ ছেড়ে পালিয়েছে এবং বাংলাদেশ তাদের আশ্রয় ও সহায়তা দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২০১৭ সালের গণহত্যার সময় মিয়ানমারের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অং সান সু চি পরবর্তীতে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। মিয়ানমার বরাবরই তাদের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: বিবিসি

/এমএকে/