ইরানকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’- পরিস্থিতিতে রাখতে চায় যুক্তরাষ্ট্র: গালিবাফ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরানকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’- পরিস্থিতিতে রাখতে চায় যুক্তরাষ্ট্র: গালিবাফ
ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবফ।

যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’- এমন একটি অচলাবস্থা চাপিয়ে দিতে চাইছে বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সোমবার (২৩ নভেম্বর) তিনি বলেন, এ সংঘাতের হুমকি পুরোপুরি দূর করতে হলে কেবল আলোচনার ওপর নির্ভর না করে কিংবা আলোচনার পাশাপাশি দেশকে ‘টেকসই প্রতিরোধ’ ব্যবস্থার দিকে যেতে হবে।

তার মতে, এ প্রতিরোধ সক্ষমতা অর্জনের জন্য কূটনীতি এবং যুদ্ধ- দুটোই কার্যকর হাতিয়ার হতে পারে। গালিবাফ জানান, এই ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থার অবশ্যই একটি সুরাহা হতে হবে। তিনি বলেন, এখন প্রশ্ন হলো, কীভাবে, কার দ্বারা এবং কী কী পদক্ষেপের মাধ্যমে আমরা এ পরিস্থিতির সমাধান করব।

ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়তে থাকে। এর পাল্টা জবাব হিসেবে তেহরানও ওই অঞ্চলের ইসরায়েলি ও মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায়। পরবর্তীতে জুন মাসে সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক কাঠামো চুক্তিতে সই করে এবং শান্তি আলোচনা শুরু করে। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌচলাচল কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে দুই পক্ষের মতবিরোধের জেরে সে আলোচনা থমকে যায়।

যুদ্ধ বন্ধের নানা কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে জুলাই মাস থেকে থেমে থেমে সংঘাত আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/