বিশ্ববাজারে তেলের দাম নামলো ৮৮ ডলারে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বিশ্ববাজারে তেলের দাম নামলো ৮৮ ডলারে
জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার। ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ঝুঁকির মধ্যেই বিশ্ববাজারে ৩ শতাংশের বেশি কমেছে অপরিশোধিত তেলের দাম। সরবরাহ বৃদ্ধি এবং বাজারে সম্ভাব্য উদ্বৃত্তের কারণে মঙ্গলবার তেলের দাম কমে তিন মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ঝুঁকিও অব্যাহত রয়েছে।

বর্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪০ সেন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে ৮৮.৯৭ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম ২৩ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯.৯৪ ডলারে দাঁড়িয়েছে। যা গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন।

তেলের দাম কমার অন্যতম কারণ লিবিয়ার শারারা তেল পাইপলাইন আবার চালু হওয়া। দেশটির জাতীয় তেল কর্পোরেশনের চেয়ারম্যান জানিয়েছেন, পাইপলাইনটি চালুর পর তেল জাওইয়ার আকাকুস স্থাপনার মজুত ট্যাংকে প্রবাহিত হতে শুরু করেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে তেলের সরবরাহ বাড়ার খবরও দাম কমাতে প্রভাব ফেলেছে। আমেরিকা মহাদেশে এবং মধ্যপ্রাচ্যের ইরান ছাড়া অন্যান্য দেশে তেল উৎপাদন বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডয়চে ব্যাংক একটি গবেষণা নোটে জানিয়েছে, অক্টোবরে বিশ্বব্যাপী তরল মজুদের পরিমাণ ৫ কোটি ২০ লাখ ব্যারেল বৃদ্ধি পেয়েছে। এর ফলে দৈনিক ১৭ লাখ ব্যারেলের চাহিদা পূরণ করেও উদ্বৃত্ত রয়েছে।

তেলের দাম, সময়ের ব্যবধান, পরিশোধন মুনাফা এবং বিনিয়োগকারীদের অবস্থান ক্রমশই ইঙ্গিত দিচ্ছে যে বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছে। যদিও বিশ্লেষকরা বলেছেন বাজার এখনও ভঙ্গুর রয়েছে।

সূত্র: রয়টার্স

/জেএইচ/