যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
প্রতীকী ছবি

দশকের পর দশক ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞা এবং সামরিক হামলার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি (২৯০ বিলিয়ন) ডলার দাবি করেছে ইরান। সোমবার (২৩ নভেম্বর) দেশটির বিচার বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় আদালতের এ রায়ের বিষয়টি সামনে আনেন। ২৮ ফেব্রুয়ারি এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনা এবং পরবর্তী সংঘাতে হওয়া বিপুল ক্ষয়ক্ষতির হিসাবও এ দাবির মধ্যে ধরা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে, বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর এ বিশাল অঙ্কের ক্ষতিপূরণের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা দেশের অভ্যন্তরীণ আদালতগুলো থেকে আমেরিকানদের বিরুদ্ধে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণের রায় আদায় করেছি।’

শুধু যুক্তরাষ্ট্র নয়, প্রতিবেশী পারস্য উপসাগরীয় আরব দেশগুলোকেও আইনি চাপে ফেলছে তেহরান। আবদোলিয়ানপুর জানান, ‘ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য আমেরিকাকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেওয়ায়’ উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।

মূলত দীর্ঘ সময় ধরে ওয়াশিংটনের নানা বৈরী পদক্ষেপের জবাব হিসেবেই এ অর্থ দাবি করা হচ্ছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন উল্লেখ করেছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ে এবং সেই অভিযানে প্রাণ হারান আয়াতুল্লাহ আলী খামেনি। এর পাল্টা জবাব হিসেবে ইরানও পুরো অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তেহরানের দাবি ছিল, ওই দেশগুলোতে থাকা মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলোই ছিল তাদের মূল লক্ষ্যবস্তু।

এদিকে, চলমান উত্তেজনার আগে জুন মাসে একটি শান্তি চুক্তির পথ তৈরি করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ সই হয়েছিল। সেখানে ইরানের ‘পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য’ ওয়াশিংটন এবং তার আঞ্চলিক মিত্রদের পক্ষ থেকে অন্তত ৩০ হাজার কোটি (৩০০ বিলিয়ন) ডলারের একটি তহবিল গঠনের পরিকল্পনার কথা বলা হয়েছিল। সেই ঘটনার কয়েক মাসের মাথায় এবার আদালতের মাধ্যমে সরাসরি ক্ষতিপূরণ আদায়ের পথে হাঁটল ইরান।

সূত্র: গালফ নিউজ

/এমএকে/