শিরোনাম

দক্ষিণ লেবাননে যুদ্ধে ইসরায়েলি সেনা নিহত

সিটিজেন ডেস্ক
দক্ষিণ লেবাননে যুদ্ধে ইসরায়েলি সেনা নিহত
দক্ষিণ লেবাননে অভিযানে ইসরায়েলি বাহিনী। ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চলাকালে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও ৬ জন আহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। অন্যদিকে গতকাল লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, লেবাননে নিহত ইসরায়েলি সেনার নাম সার্জেন্ট ইদান ফুকস। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। বাকি দুজনের আঘাত গুরুতর নয়।

১৯ বছর বয়সী সার্জেন্ট ইদান ফুকস ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ৭ম ব্রিগেডের ৭৭তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তিনি দক্ষিণ লেবাননে নিহত হন। ঘটনার সময় একজন সেনা কর্মকর্তা ও তিনজন সেনা গুরুতরভাবে আহত হন। আর দুই সেনার আঘাত হালকা।

আইডিএফ আরও জানিয়েছে, আহত সেনাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

গত ২ মার্চ ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহর মধ্যে হামলা-পাল্টা হামলা শুরু হয়। গত ১১ এপ্রিল দুই পক্ষের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি হয়। গত ২৩ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন সপ্তাহের জন্য যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। তবে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ‘যুদ্ধবিরতি’ সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে। এতে হাজারো মানুষ আবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সবশেষ রবিবার লেবাননে ইসরায়েলি হামলায় ১৪ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন।

সূত্র: ফক্স নিউজ ও আল জাজিরা

/জেএইচ/