শিরোনাম

চাদে পানির কূপ দখল নিয়ে সংঘর্ষ, নিহত ৪২

সিটিজেন ডেস্ক
চাদে পানির কূপ দখল নিয়ে সংঘর্ষ, নিহত ৪২
ছবি: সংগৃহীত

উত্তর-মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে একটি পানির কূপ দখলকে কেন্দ্র করে ভয়াবহ জাতিগত সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) দেশটির ওয়াদি ফিরা প্রদেশের গুয়েরেদা উপপ্রশাসনিক অঞ্চলে এ রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়। রবিবার (২৬ এপ্রিল) চাদের একজন সরকারি কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় রবিবার বেশ কয়েকজন মন্ত্রী, স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চাদের আঞ্চলিক প্রশাসন ও বিকেন্দ্রীকরণ বিষয়ক উপপ্রধানমন্ত্রী লিমানে মাহামাত রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন, বর্তমানে সংঘাতপূর্ণ এলাকার পরিস্থিতি প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

ভৌগোলিক সামঞ্জস্যের কারণে লিবিয়া, সুদান, নাইজার ও নাইজেরিয়া সীমান্তবেষ্টিত দেশটিতে চারণভূমি ও কৃষিজমি নিয়ে স্থানীয় কৃষক ও যাযাবর আরব পশুপালকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ বিদ্যমান। রাজধানী এন‘জামেনা থেকে দূরবর্তী পূর্বাঞ্চলীয় এলাকায় এ উত্তেজনা সাম্প্রতিক সময়ে প্রতিবেশী সুদান থেকে আসা শরণার্থীদের চাপে আরও তীব্র আকার ধারণ করেছে। এনজিও ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের পরিসংখ্যান অনুযায়ী, কৃষি ও চারণভূমি নিয়ে চলমান এমন সংঘাতের জেরে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে চাদে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত দুই হাজার।

সূত্র: আরব নিউজ

/এমএকে/