শিরোনাম

চিকিৎসা শেষে মাসুদ উদ্দিন চৌধুরী আবার ৩ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক
চিকিৎসা শেষে মাসুদ উদ্দিন চৌধুরী আবার ৩ দিনের রিমান্ডে
আদালত প্রাঙ্গণে পুলিশি নিরাপত্তায় মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সিটিজেন জার্নাল

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানার দেলোয়ার হোসেন হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখানো সাবেক সংসদ সদস্য ও সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর আবার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

চিকিৎসা শেষে এদিন মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করে (ডিবি) পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর কফিল উদ্দিন তাকে উপস্থাপন করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। উভয় পক্ষে শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন।

আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম আদালতে মাসুদ উদ্দিন চৌধুরীর বিভিন্ন শারিরীক সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, এ মামলায় দুইদফায় ৮ দিনের রিমান্ডে নিয়েছেন। কী পেলেন তদন্ত কর্মকর্তা তা কিন্তু উল্লেখ করেনি। ১৫ দিন তিনি চিকিৎসায় ছিলেন। তার অসুস্থতা বিবেচনা করে তাকে রিমান্ডে না নেওয়া হোক।

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গত ১২ এপ্রিল দুপুর ২টার দিকে আসামি অসুস্থবোধ করেন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিভিন্ন শারীরিক পরীক্ষা করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ২৭ এপ্রিল হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে।

গত ২৩ মার্চ রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। পরদিন এ মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়। গত ২৯ মার্চ দ্বিতীয় দফায় ৬ দিন এবং ৪ এপ্রিল তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে পাঠানো হয়।

এরপর জুলাই আন্দোলনকালে মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় ৭ এপ্রিল তাকে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ১১ এপ্রিল তার আরও ৪ দিনের রিমান্ডের আদেশ হয়।

/এফসি/