শিরোনাম

ইরানে অবিস্ফোরিত বাঙ্কার-বাস্টার বোমা উদ্ধার

সিটিজেন ডেস্ক
ইরানে অবিস্ফোরিত বাঙ্কার-বাস্টার বোমা উদ্ধার
ছবি: সংগৃহীত

ইরানের জাঞ্জান প্রদেশে সম্প্রতি অবিস্ফোরিত ৯ হাজার ৫০০টি ছোট বোমা এবং কয়েক ডজন রকেট ও মিসাইল উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করেছে আইআরজিসি। উদ্ধারকৃত এসব অস্ত্রের মধ্যে দুই হাজার পাউণ্ড ওজনের তিনটি মার্কিন জিবিইউ-৫৭ বাঙ্কার-বাস্টার বোমাও রয়েছে।

প্রদেশেটির আইআরজিসি জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সাময়িক যুদ্ধ বিরতির সুযোগে মার্কিন-ইসরায়েলি আগ্রাসী যুদ্ধের ফেলে যাওয়া এসব অবিস্ফোরিত সমরাস্ত্র শনাক্ত ও নিষ্ক্রিয় করতে বিশেষায়িত ক্লিয়ারেন্স এবং ডিসপোজাল ইউনিট এ অভিযান পরিচালনা করে। বিবৃতিতে উল্লেখ করা হয়, শত্রুপক্ষের যুদ্ধবিমান থেকে ফেলা ৯ হাজার ৫০০টিরও বেশি ছোট বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়েছে। মূলত ক্লাস্টার বোমা ব্যবহারের মাধ্যমে আকাশ থেকে মাইন পুঁতে রেখে প্রদেশের সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ স্থানগুলোকে দূষিত করার লক্ষ্যেই এগুলো নিক্ষেপ করা হয়েছিল।

বিবৃতিতে আরও জানানো হয়, শত্রুপক্ষের এফ-১৫, এফ-১৬ এবং এফ-৩৫ যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা এলবি৬৫, এলবি৮৪, এলবি৮৫ এবং এলবি৮৬ মডেলের বিভিন্ন ধরনের রকেট ও মিসাইলও উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। এসব রকেট এবং মিসাইল সংবেদনশীল স্থাপনা বা কৃষি জমিতে আঘাত হানার পরও বিস্ফোরিত হতে ব্যর্থ হয়েছিল। আইআরজিসি জানিয়েছে, এ অভিযানে মোট ৫২টি রকেট ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ১০টিরও বেশি মিসাইল শনাক্ত ও নিষ্ক্রিয় করার পর সেগুলো পরবর্তী ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিপুল পরিমাণ সমরাস্ত্রের পাশাপাশি আইআরজিসি ২ হাজার পাউণ্ড ওজনের তিনটি জিবিইউ-৫৭ বাঙ্কার-বাস্টার বোমা উদ্ধার ও ধ্বংস করার কথা জানিয়েছে। একই সঙ্গে আরও একটি অক্ষত বাঙ্কার-বাস্টার বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করার পর তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া, উন্নত মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণ করা ৫০০ পাউণ্ড ওজনের একটি দূরপাল্লার ক্রুজ মিসাইল এবং একটি জিবি-৩৯ ক্রুজ মিসাইলও এ অভিযানে উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, ক্রুজ মিসাইলগুলো উত্তর ইরানের জাঞ্জান প্রদেশের আকাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইন্টারসেপ্ট করে ভূপাতিত করা হয়েছিল।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

/এমএকে/