শিরোনাম

ইরানে গ্যাসক্ষেত্রে হামলার খবরে তেলের দাম বৃদ্ধি

সিটিজেন ডেস্ক
ইরানে গ্যাসক্ষেত্রে হামলার খবরে তেলের দাম বৃদ্ধি
ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র। ছবি: সংগৃহীত

ইরানি গণমাধ্যমে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের একটি স্থাপনায় হামলার খবর আসার পর অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০৮ ডলার ছাড়িয়ে গেছে।

বুধবার (১৮ মার্চ) ব্রেন্ট ক্রুড অয়েল ব্যারেল প্রতি ১০৮ দশমিক ৬০ ডলারে পৌঁছেছ, যা মঙ্গলবারের তুলনায় ৫ শতাংশ বেশি।

একইসঙ্গে যুক্তরাজ্যেও গ্যাসের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছে।

এর আগে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় বুধবার ভোরে বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যুক্ত সংবাদ সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের আধা-সরকারি ফারস নিউজ এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, হামলার ফলে স্থাপনায় আগুন লেগেছে এবং উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে তৎপর।

সাউথ পার্স বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিত। এখানে ইরান ও কাতারের যৌথ গ্যাস উৎপাদন-বিষয়ক অবকাঠামো রয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশে অবস্থিত এই স্থাপনায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত বছরের জুনেও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের ১২ দিনের সংঘর্ষ চলাকালীন সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা হয়। তখন ইরানকে আংশিকভাবে উৎপাদন স্থগিত করতে হয়।

সূত্র: বিবিসি, আল জাজিরা, রয়টার্স

/জেএইচ/