বলসোনারোকে বৈধ নেতার স্বীকৃতি দিচ্ছে না ট্রাম্প প্রশাসন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বলসোনারোকে বৈধ নেতার স্বীকৃতি দিচ্ছে না ট্রাম্প প্রশাসন
পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন ফ্লাভিও বলসোনারো

ফ্লাভিও বলসোনারো নিজেকে ব্রাজিলের বৈধ নেতা হিসেবে দাবি করলেও তাকে সমর্থনের কোনো পরিকল্পনা আপাতত যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নেই। বছরের পর বছর বলসোনারো পরিবারকে সমর্থন জুগিয়ে আসা এবং সম্প্রতি পরাজিত প্রার্থীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে সাহায্য করা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন এমন অবস্থান নিচ্ছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক মার্কিন কর্মকর্তা ও এই বিষয়ে অবহিত এক ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

ব্রাজিলের নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, ভোটগ্রহণ পদ্ধতি কারচুপিপূর্ণ মনে হয়েছে। তবে এর পরপরই তিনি বলেন, এ তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নেননি। ৩.৫ শতাংশ পয়েন্টের ব্যবধানে কঠিন সমীকরণ পেরিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন ৮১ বছর বয়সী বামপন্থী নেতা ও সাবেক শ্রমিক নেতা লুইস ইনাসিও লুলা দা সিলভা। নতুন করে জয়ী হওয়া প্রেসিডেন্টের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টিকেও বেশ ভালো বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা এবং অন্য ব্যক্তি জানান, ট্রাম্প প্রশাসন বলসোনারোকে মার্কিন ভূখণ্ডে প্রবেশ করতে দিলেও তার ভবিষ্যৎ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণে কোনো সমর্থন দেওয়ার ভাবনা বর্তমানে ওয়াশিংটনের নেই। তবে ট্রাম্প যেকোনো সময় তার সিদ্ধান্ত বা মত বদলাতে পারেন বলেও আভাস দেন তারা। ট্রাম্প প্রশাসনের এমন সংযত অবস্থান ইঙ্গিত দেয়, সাম্প্রতিক মাসগুলোতে টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়া ব্রাজিলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে আর কোনো সংকট তৈরি করতে আগ্রহী নন মার্কিন প্রেসিডেন্ট।

এর সঙ্গে সংশ্লিষ্ট তৃতীয় আরেকজন মার্কিন কর্মকর্তা জানান, নিজে থেকে নির্বাসনে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণে বলসোনারোর রাজনৈতিক গ্রহণযোগ্যতা অনেকটা কমে গেছে। এমনকি আগামী বছরগুলোতে যিনি বিরোধী দলের মূল কাণ্ডারি হবেন বলে ভাবা হচ্ছিল, তার এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে ব্রাজিলের অনেক রক্ষণশীল নেতাই তীব্র সমালোচনার চোখে দেখছেন।

সূত্র: রয়টার্স

/এমএকে/