আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চাই না: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চাই না: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, আমরা নীতির পরিবর্তন চাই। ইসলামী আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের লক্ষ্য কেবল ক্ষমতা অর্জন নয়, বরং ইসলামের আদর্শ ও শরিয়াহ বাস্তবায়ন। আমরা আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা গ্রহণ করতে চাই না।

শুক্রবার (৩০ অক্টোবর) বিএমএ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে কথা বলেন তিনি।

শায়খে চরমোনাই বলেন, ভোট বেশি পাওয়া বা কম পাওয়াই সফলতার মাপকাঠি নয়, বরং আদর্শ কতটা বাস্তবায়িত হচ্ছে, সেটিই প্রকৃত সফলতা। আমাদের গড়ে দেওয়া পথের ওপর দাঁড়িয়ে পরবর্তী প্রজন্ম যেন আরও এগিয়ে যেতে পারে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

তিনি বলেন, ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়নের উদ্যোগ দেশের মুসলমানরা মেনে নেবে না। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন ও ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে জনদুর্ভোগ বাড়ছে, এর পরিবর্তন জরুরি। জাপানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে বাংলাদেশের স্বার্থ কতটুকু এবং ভারতের স্বার্থ কতটুকু, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো চুক্তি করা যাবে না। মাদ্রাসা শিক্ষাকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করার যে–কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধেও তিনি সতর্ক করেন। একই সঙ্গে সকল অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান, আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী শেখ ফজলুল করিম মারুফ।

সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সমাজকল্যাণ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য এবং ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি এমএইচ মোস্তফা উপস্থিত ছিলেন।

/এসবি/