শিরোনাম

সূর্যাস্তের পরে জিতবেন, জরুরি বার্তায় আশাবাদী মমতা

সিটিজেন ডেস্ক
সূর্যাস্তের পরে জিতবেন, জরুরি বার্তায় আশাবাদী মমতা
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বাংলাদেশ সময় সোমবার (৪ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত গণনা করা ভোটে ১৯৩ আসনে এগিয়ে আছে বিজেপি। আর তৃণমূল কংগ্রেস ৯৬ আসনে এগিয়ে।

তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে– এমন আভাসের মধ্যেই জরুরি ভিডিও বার্তা দিয়েছেন দলটির নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভিডিওটি পোস্ট করেন।

নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি বলেছেন, প্রাথমিক গণনায় বিজেপিকে এগিয়ে থাকতে দেখা গেলেও সেটা আসলে কেন্দ্রীয় সরকারের ‘চাল’। শেষ পর্যন্ত তৃণমূলই জিতবে বলে তিনি আত্মবিশ্বাসী।

ভিডিও বার্তায় যা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়–

‘সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্ট, কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী, ক্যান্ডিডেটরা, তারা কাউন্টিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান।

‘প্রথম দুই-তিন রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় দুই-তিন রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় ১০০টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে সাতটা মেশিন, যেখানে কোনো মিল নেই।

‘এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সেসকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের ওপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর-এর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে, যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন ৭০টা সিট আছে, ১০০টা সিট আছে, যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না।

‘টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেইঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটা ইলেকশন কমিশন নিজের ইচ্ছেমতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে।

‘সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলব– অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন রাউন্ড, চার রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪ রাউন্ড থেকে ১৮ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন।

‘ওয়েট অ্যান্ড সি। ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।’

/এফসি/