শিরোনাম

প্রজেক্ট ফ্রিডমে অংশ নেবে ১৫ হাজার মার্কিন সেনা, ১০০ যুদ্ধবিমান

সিটিজেন ডেস্ক
প্রজেক্ট ফ্রিডমে অংশ নেবে ১৫ হাজার মার্কিন সেনা, ১০০ যুদ্ধবিমান
মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী ও যুদ্ধবিমান। ছবি: সেন্টকম

হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর মধ্যেই ইরান যুদ্ধে সংঘাতের বাইরে থাকা যেসব দেশের জাহাজ হরমুজ প্রণালিতে আটকে আছে, সেগুলো নিরাপদে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ উদ্যোগের নাম দিয়েছেন ‘প্রজেক্ট ফ্রিডম’।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী সোমবার (৪ মে) সকালে ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু হওয়ার কথা।

ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ বাস্তবায়নে সহায়তা করবে বলে জানিয়েছে ইরান যুদ্ধে দায়িত্বে থাকা মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এতে যোগ দেবে ১৫ হাজার সেনা। থাকবে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ডেস্ট্রয়ারসহ শতাধিক যুদ্ধবিমান।

এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ‘প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য ৪ মে থেকে প্রজেক্ট ফ্রিডমে সহায়তা দেওয়া শুরু করবে মার্কিন সেন্ট্রাল কমান্ড।’

জাহাজগুলোকে হরমুজ প্রণালি থেকে বেরিয়ে যেতে সহায়তা করাকে ‘মানবিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য এবং ইরানের মঙ্গলের জন্য আমরা এই দেশগুলোকে বলেছি তাদের জাহাজগুলোকে নিরাপদে এই নিষিদ্ধ জলপথ থেকে বের করে আনব। যাতে তারা দক্ষতার সঙ্গে এবং অবাধে ব্যবসা চালিয়ে যেতে পারে।’

এ কাজে কেউ বাধা দিলে তাকে ‘কঠোরভাবে মোকাবিলা’ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

সূত্র: বিবিসি, আল জাজিরা

/জেএইচ/