শিরোনাম

২০ মে মুখোমুখি হচ্ছে দুই কোরিয়া

সিটিজেন স্পোর্টস ডেস্ক
২০ মে মুখোমুখি হচ্ছে দুই কোরিয়া
দক্ষিণ ও উত্তর কোরিয়া। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় নয় বছর পর মুখোমুখি হচ্ছে চিরশত্রু দেশ উত্তর ও দক্ষিণ কোরিয়ার নারী ফুটবল দল। চলতি মাসেই উত্তর কোরিয়ার নারী দল সিউল সফর করবে। ২০১৮ সালের পর এটিই হতে যাচ্ছে দেশটির কোনো ক্রীড়া দলের প্রথম দক্ষিণ কোরিয়া সফর। বিষয়টি নিশ্চিত করেছে সিউলের একীভূতকরণ বিষয়ক মন্ত্রণালয়।

স্বাধীনতার পর ১৯৫০ সালে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়, যা কোরীয় যুদ্ধ নামে পরিচিত। ১৯৫৩ সালে একটি শান্তিচুক্তির আওতায় অস্ত্রবিরতিতে থাকলেও এখনো এক ধরনের যুদ্ধাবস্থা রয়ে গেছে। ফলে তাদের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় খুবই কম দেখা যায়। তবে এবার সেই বিরল ঘটনা ঘটতে যাচ্ছে। আগামী ২০ মে উত্তর কোরিয়ার নেগোহিয়াং উইমেনস এফসি এশিয়ান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার সুয়োন এফসি উইমেনের মুখোমুখি হবে।

সোমবার (৪ মে) দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে, সফরকারী দলে ২৭ জন খেলোয়াড় ও ১২ জন ক্লাব কর্মকর্তা থাকবেন। দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, দলটি আগামী ১৭ মে সিউল পৌঁছাবে। তারা বেইজিং থেকে এয়ার চায়নার একটি ফ্লাইটে ইনচন বিমানবন্দরে পৌঁছাবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

রাজধানীর সিউলের দক্ষিণে অবস্থিত সুয়োন স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এতে যারা বিজয়ী হবে, তারা ২৩ মে এশিয়ার শীর্ষ নারী ক্লাব প্রতিযোগিতার ফাইনালে খেলবে। সেখানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটি বা জাপানের টোকিও ভার্দি বেলেজা তাদের প্রতিপক্ষ হবে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সেমিফাইনালে পরাজিত হলে ২১ মে উত্তর কোরিয়ার দলটি দেশে ফিরে যাবে। তৃতীয় স্থান নির্ধারণী কোনো ম্যাচ থাকবে না।

সর্বশেষ ২০১৮ সালে শুটিং, যুব ফুটবল ও টেবিল টেনিস দল দেশটিতে সফর করেছিল।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/