শিরোনাম

ফ্রান্সে নিষেধাজ্ঞা, জি-৭ বিরোধী বিক্ষোভে উত্তাল জেনেভা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ফ্রান্সে নিষেধাজ্ঞা, জি-৭ বিরোধী বিক্ষোভে উত্তাল জেনেভা
সুইজারল্যান্ডের জেনেভায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্য সংঘর্ষ। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

ফ্রান্সের এভিয়ান-লেস-বাঁ শহরে ধনী দেশগুলোর জোট জি-৭-এর শীর্ষ সম্মেলন শুরু হওয়ার আগেই বিক্ষোভের আগুনে পুড়ছে প্রতিবেশী দেশ সুইজারল্যান্ডের জেনেভা।সোমবার (১৫ জুন) থেকে শুরু হওয়া তিন দিনের এ সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা। এর ঠিক আগের দিন, রবিবার (১৪ জুন) হাজার হাজার আন্দোলনকারী জেনেভার রাস্তায় নেমে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ফ্রান্সে জি-৭ ভেন্যুর কাছাকাছি বিক্ষোভের অনুমতি না মেলায় ইভিয়ান থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরের সুইস শহরটিতে জড়ো হন আন্দোলনকারীরা।

রবিবার জেনেভায় অবস্থিত জাতিসংঘের (ইউএন) ভবনের কাছে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পদক্ষেপ নিলে পরিস্থিতি সহিংস রূপ নেয়। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর, বোতল ও আতশবাজি নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো জানিয়েছে, একপর্যায়ে বিক্ষোভকারীরা জাতিসংঘের টেলিকমিউনিকেশন ভবনে হামলা চালায় এবং পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ফ্লেয়ার ছোড়ে।

জি-৭ বিরোধী একটি জোটের ডাকে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে জেনেভায় আগে থেকেই হাজার হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল। ফ্রান্সে এই প্রতিবাদের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রায় ২০ হাজার মানুষ মিছিলে অংশ নেন। শুরুতে শান্তিপূর্ণ থাকলেও পরে শহরের বিভিন্ন জায়গায় ভাঙচুর শুরু হয়। কিছু বিক্ষোভকারী দোকানের সুরক্ষায় ব্যবহৃত প্লাইউড প্যানেল উপড়ে ফেলে জানালা ভাঙচুর করে এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মূলত পুঁজিবাদ, বৈশ্বিক বৈষম্য ও বিশ্বায়নের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবেই এ বিক্ষোভের আয়োজন করা হয়। উল্লেখ্য, সোমবার থেকে শুরু হওয়া তিন দিনের এ জি-৭ সম্মেলনে মধ্যপ্রাচ্য সংকট ও ইউক্রেন যুদ্ধ প্রধান আলোচ্য বিষয় হিসেবে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এপি

/এমএকে/