শিরোনাম

বিশ্বকাপ মিশন শুরুর আগেই ভোগান্তিতে উরুগুয়ে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ মিশন শুরুর আগেই ভোগান্তিতে উরুগুয়ে
মিয়ামিতে পৌঁছেছে উরুগুয়ে ফুটবল দল।

ফিফার নির্ধারিত চার্টার ফ্লাইটের কাগজপত্র সংক্রান্ত জটিলতায় মেক্সিকো থেকে উরুগুয়ে জাতীয় ফুটবল দলের যুক্তরাষ্ট্রের ফ্লাইট বিলম্বিত হয়েছে। এর ফলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে মার্সেলো বিয়েলসার শিষ্যদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। দলটির মেক্সিকোর বেস ক্যাম্প প্লায়া দেল কারমেন থেকে ফ্লোরিডার মায়ামিতে ওড়ার কথা থাকলেও বিমান সংস্থার অনুমতি না থাকায় কানকুনেই আটকে থাকতে হয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।

এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে উরুগুয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) এক বিবৃতিতে জানায়, তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা সমস্যার কারণে মেক্সিকো ছাড়তে দেরি হয়েছে। এই সময়ে স্কোয়াডের সদস্যরা হোটেলেই বিশ্রাম নিয়েছেন। পরবর্তীতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ বিব্রতকর পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট মেক্সিকান এয়ারলাইনকে দায়ী করেছে। সংস্থাটি জানায়, অনুমতি সংক্রান্ত ত্রুটির কারণে কানকুন থেকে মায়ামিতে উরুগুয়ের যাত্রা ব্যাহত হয়েছে।

ফিফা আরও উল্লেখ করেছে, উক্ত এয়ারলাইন এ ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে এবং পুরোটা সময় ফিফা উরুগুয়ের সাথে নিবিড় যোগাযোগ রেখে বিমানবন্দর ও পরিচালন অংশীদারদের সাহায্যে ভ্রমণ সহজ করার চেষ্টা চালিয়েছে। এদিকে বিলম্বে মায়ামিতে পৌঁছানোর কারণে উরুগুয়ের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন পিছিয়ে যায়। দলের প্রধান কোচ মার্সেলো বিয়েলসা জানিয়েছেন, ফ্লাইটের এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তার দলের প্রস্তুতিতে কোনো সমস্যা তৈরি করেনি। সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে উরুগুয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

/এমএকে/