শিরোনাম

ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করলো যুক্তরাজ্য

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করলো যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেলে রাশিয়ার একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে চলাচল করা রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের একটি তেলবাহী ট্যাংকার ইংলিশ চ্যানেল থেকে জব্দ করেছে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রবিবার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ সফল অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘স্মিরতোস’ নামের রুশ জাহাজটি জব্দ করতে প্রায় ছয় ঘণ্টা দীর্ঘ একটি সুপরিকল্পিত অভিযান চালানো হয়। বর্তমানে ট্যাংকারটিকে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের একটি নিরাপদ নোঙরস্থলে নেওয়া হয়েছে, যেখানে এটির পরিবেশগত বা নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি রয়েছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ড্যান জারভিস সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহস ও পেশাদারিত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এ অভিযান সম্পর্কে তিনি জানিয়েছেন, পুতিনের যুদ্ধের অর্থ জোগানোর অন্যতম প্রধান মাধ্যম এ শ্যাডো ফ্লিট আটকে দেওয়া রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা।

ইউক্রেন যুদ্ধের ৪ বছরেরও বেশি সময় ধরে রাশিয়া তার অর্থনীতির মূল চালিকাশক্তি তেল রপ্তানি সচল রাখতে এবং বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়াতে শত শত জাহাজের এ গোপন নৌবহর ব্যবহার করে আসছে। এর আগেও আন্তর্জাতিক নজরদারি ফাঁকি দিতে ছদ্মনাম ও ভুয়া পতাকা ব্যবহার করা রুশ ট্যাংকার জব্দের ঘটনা ঘটেছে। গত মাসে যুক্তরাজ্যের সহায়তায় ফরাসি নৌবাহিনী ক্যামেরুনের পতাকাধারী একটি সন্দেহভাজন রুশ ট্যাংকার আটক করে। এ ছাড়া গত জানুয়ারি ও মার্চ মাসেও ফরাসি বাহিনী যথাক্রমে ‘গ্রিঞ্চ’ ও মোজাম্বিকের পতাকা ব্যবহার করা ‘দেইনা’ নামের দুটি রুশ জাহাজ জব্দ করেছিল। যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো এ নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়া নৌবহরের বিরুদ্ধে আগামীতেও কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/