শিরোনাম

নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ যা থাকছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ যা থাকছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা

দীর্ঘ তিন মাসের অধিক সময় ধরে চলা সংঘাত ও উত্তেজনার পর অবশেষে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় পৌঁছানো চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চুক্তিতে থাকা ১৪ বিষয় প্রকাশ করেছে। যদিও বিষয়গুলো সম্পর্কে যুক্তরাষ্ট্র বা ইরানের কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১৫ জুন) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সেইসঙ্গে হরমুজ প্রণালি খোলা ও ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে দেওয়ার নির্দেশও দিয়েছেন।

এরপর ইরানের আধা সরকারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ সমঝোতা স্মারকে থাকা ১৪টি বিষয় প্রকাশ করে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো:

  • লেবাননসহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি।
  • ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি।
  • ৩০ দিনের মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর দেওয়া মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার।
  • ইরানের আশপাশ থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রত্যাহার।
  • ইরানের ব্যবস্থাপনায় ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া।
  • যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের জন্য কমপক্ষে ৩০০ বিলিয়ন ডলার মূল্যের পুনর্গঠন পরিকল্পনা প্রদান করছে।
  • ইরানের তেল ও জ্বালানি পণ্যের ওপর থাকা নিষেধাজ্ঞার অবসান।
  • পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত।
  • ওই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করবে না যুক্তরাষ্ট্র এবং নতুন করে নিষেধাজ্ঞা দেবে না বলে প্রতিশ্রুতি।

তবে মেহের নিউজের প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, জব্দ করা ইরানের তহবিলের অর্ধেক না ছাড়া, ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত চূড়ান্ত সমঝোতার আলোচনা শুরু হবে না।

এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে চূড়ান্ত চুক্তি হবে, সেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মধ্য দিয়ে অনুমোদিত হবে।

সূত্র: বিবিসি

/জেএইচ/