শিরোনাম

জিনপিং ও পুতিনের প্রশংসা ট্রাম্পের, নেতানিয়াহু প্রসঙ্গে কী বললেন

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
জিনপিং ও পুতিনের প্রশংসা ট্রাম্পের, নেতানিয়াহু প্রসঙ্গে কী বললেন
বেঞ্জামিন নেতানিয়াহু (বাঁয়ে) ও ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রসঙ্গে বলেছেন, ‘ভীষণ জটিল প্রকৃতির’ মানুষ।

ট্রাম্পের মতে, জিনপিং এবং পুতিন উভয়েই মধ্যপ্রাচ্যের সংঘাত মেটাতে সাহায্য করেছেন। অন্তত হরমুজ প্রণালীর অবরোধে এই দুই দেশ কোনো হস্তক্ষেপ করেনি বলে জানান তিনি। এর জন্য রাশিয়া এবং চীনকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

গত মাসেই চীন সফরে যান ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে বৈঠকও করেন। এবার সেই জিনপিংকে ‘নিপাট ভদ্রলোক’ বলে সম্বোধন করলেন তিনি। ইরানকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র নৌপথে অবরোধ শুরু করেছিল। ট্রাম্প জানান, ওই সময়ে চীন কোনো তেলবাহী জাহাজকে পাহারা দিতে ‘ডেস্ট্রয়ার’ রণতরী পাঠায়নি। এর জন্য চীনের প্রশংসা করেন তিনি।

এদিকে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক সবসময়ই ভাল। তবে ইরানের সঙ্গে শান্তি আলোচনার শেষ পর্বে দুইজনের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। এবার ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হতেই আবার নেতানিয়াহুকে একহাত নিলেন ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রসঙ্গে তিনি বলেন, খুব জটিল প্রকৃতির মানুষ। সত্যি বলতে আমাদের প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত। কারণ, ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতো, তা হলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারতো না।

উল্লেখ্য, সোমবার ভোরে (১৫ জুন) ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পরে ট্রাম্প এ নিয়ে বিবৃতি দেন। যদিও আনুষ্ঠানিকভাবে চুক্তিস্বাক্ষর এখনও হয়নি। তা হবে আগামী শুক্রবার।

/এফসি/