শিরোনাম

বিশ্বকাপ মিশন শুরুর আগে যে বার্তা দিলো ইরান

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ মিশন শুরুর আগে যে বার্তা দিলো ইরান
অনুশীলনে ইরান ফুটবল দল। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে মাঠের বাইরের যাবতীয় রাজনৈতিক বিতর্ক ও উত্তেজনা থেকে দূরত্ব বজায় রাখার ঘোষণা দিয়েছে ইরান ফুটবল দল। দলের প্রধান কোচ আমির ঘালেনোই জানিয়েছেন, তাদের একমাত্র মনোযোগ কেবল খেলায় এবং রাজনীতির সাথে দলের কোনো সম্পর্ক নেই।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইরান। এ ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে দেশটি। তবে মাঠের আবহ পুরোপুরি ফুটবলীয় হলেও বাইরের ভূ-রাজনৈতিক পরিস্থিতি তাদের প্রস্তুতিতে কিছুটা নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কারণে ইরান দলের বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ সময়মতো ভিসা পাননি, যা দলের প্রস্তুতি পর্বকে কিছুটা জটিল করে তুলেছে। এ বিষয়ে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ ঘালেনোই মন্তব্য করেন, তারা কেবল একটি দারুণ ম্যাচ উপহার দিতে লস অ্যাঞ্জেলেসে এসেছেন এবং মাঠের বাইরের কোনো আলোচনা বা বিতর্ককে তারা একেবারেই পাত্তা দিচ্ছেন না। নিজেকে অরাজনৈতিক ব্যক্তি দাবি করে তিনি বলেন, ফুটবল সবসময়ই রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা একটি বিষয়।

কোচ আরও উল্লেখ করেন, এ দলটির ওপর বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কোটি কোটি ইরানির আবেগ জড়িয়ে আছে এবং তারা দেশের ভেতরের ও প্রবাসের সব সমর্থকের জয় নিশ্চিত করতেই মাঠে নামছেন। প্রায় একই সুর শোনা গেছে দলের অধিনায়ক মেহদি তারেমির কণ্ঠেও। তিনি জানান, তাদের মূল লক্ষ্য হলো পারফরম্যান্সের মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়া এবং বিশ্বমঞ্চে সব ইরানির সম্মান অক্ষুণ্ন রাখা। এদিকে ইরানের বিশ্বকাপ অংশগ্রহণকে কেন্দ্র করে মাঠের বাইরেও উত্তাপ ছড়াচ্ছে। লস অ্যাঞ্জেলেসে বসবাসরত প্রবাসী ইরানিদের একটি অংশ ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা করেছে। উদ্ভূত পরিস্থিতিতে স্টেডিয়াম ও এর আশপাশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তবে সব প্রতিকূলতার মাঝেও ইরান শিবিরের বার্তা অত্যন্ত স্পষ্ট, কোনো ধরনের রাজনৈতিক বিতর্কে না জড়িয়ে তারা কেবলই ফুটবলের সবুজ গালিচায় নিজেদের পুরো মনোযোগ ধরে রাখতে বদ্ধপরিকর।

/এমএকে/