শিরোনাম

অবরোধের মধ্যেই তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে ইরান

সিটিজেন ডেস্ক
অবরোধের মধ্যেই তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে ইরান
হরমুজ প্রণালি পার হওয়া চীনা ট্যাংকার রিচ স্টারি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অবরোধ থাকা সত্ত্বেও তেল রপ্তানি বন্ধ করেনি ইরান। গত ১৩ এপ্রিল থেকে দেশটির বন্দরগুলোকে লক্ষ্য করে অবরোধ শুরু করে যুক্তরাষ্ট্র, তবে তা পুরোপুরি কার্যকর হয়নি বলে জানা গেছে।

তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভরটেক্সা জানিয়েছে, ১৩ থেকে ২১ এপ্রিলের মধ্যে প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল অপরিশোধিত ইরানি তেল হরমুজ প্রণালি পার হয়েছে। এসব চালান মার্কিন নৌবাহিনীর নজরদারি থাকা এলাকাও অতিক্রম করতে পেরেছে।

প্রতিবেদন অনুযায়ী, ছয়টি বড় তেলবাহী ট্যাংকারে এই তেল রপ্তানি করা হয়। নজর এড়াতে ট্যাংকারগুলো তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) বন্ধ রেখেই চলাচল করেছে।

ভরটেক্সা আরও জানায়, অবরোধ সরাসরি ইরানের বন্দর বা হরমুজ প্রণালির মুখে কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে না। বরং পাকিস্তান-ইরান সীমান্ত থেকে ওমানের পশ্চিম অংশ পর্যন্ত প্রায় ৩০০ মাইল এলাকায় তুলনামূলকভাবে নমনীয়ভাবে এই নজরদারি চলছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১৩ থেকে ২২ এপ্রিলের মধ্যে অবরোধ উপেক্ষা করে মোট ৩৫টি জাহাজ ওই পথে যাতায়াত করেছে। এর মধ্যে কিছু জাহাজ ইরান-সংশ্লিষ্ট বা নিষেধাজ্ঞার আওতায় ছিল।

তবে অবরোধের প্রভাব পুরোপুরি না থাকলেও কিছুটা কমেছে জাহাজ চলাচল। আগে যেখানে প্রতিদিন গড়ে ২ থেকে ৩টি ইরান-সংশ্লিষ্ট ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে যেত, এখন তা কমে ১ থেকে ২টিতে নেমে এসেছে।

এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, অবরোধ শুরু হওয়ার পর তারা অন্তত ৩০টির বেশি জাহাজকে পথ পরিবর্তন করে বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

সূত্র: রয়টার্স

/এমআর/