শিরোনাম

সেঞ্চুরির কৃতিত্ব লিটনকেও দিলেন শান্ত

নিজস্ব প্রতিবেদক
সেঞ্চুরির কৃতিত্ব লিটনকেও দিলেন শান্ত
সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

টপঅর্ডার থেকে তেমন রান আসেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস দায়িত্ব নিয়ে খেলে দলকে দেখিয়েছেন জয়ের পথ। ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩২ রানে হারায় ৩ উইকেট। এরপর ১৬০ রানের জুটিতে দলকে স্বস্তির জায়গায় নিয়ে যান শান্ত ও লিটন।

শান্ত ২০ ইনিংস পর ওয়ানডেতে সেঞ্চুরি করেন। আর লিটন তার ফিফটি পেয়েছেন ২১ ইনিংস পর। ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘ওরা দুজনই দায়িত্ব নিয়ে খেলেছে। দলে এখন অভিজ্ঞ ক্রিকেটার ওরা, ওদেরকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। ওই মুহূর্তে আমাদের একটু বড় জুটি খুব দরকার ছিল। শান্ত ও লিটনও কিন্তু তা জানে, আজ তারা সেই কাজটা করে দেখিয়েছে।’

শুধু ব্যাটারই নন, বোলারদের পারফরম্যান্সও জয়ে ভূমিকা রেখেছে বলে জানান মিরাজ, ‘আমরা জানতাম এমন উইকেটে স্পিনাররা ভালো করবে এবং সময়ের সঙ্গে পেসাররা একটু স্লো বোলিংয়ের সুবিধা পাবে। এতে প্রতিপক্ষের ব্যাটাররা সমস্যায় পড়বে। মোস্তাফিজ পিচের এই সুবিধা দারুণ ভাবে কাজে লাগিয়েছে।’

ম্যাচ সেরা শান্ত বলেন, ‘আমি চেয়েছিলাম বড় রান করতে। সবসময়ই এই লক্ষ্য থাকে, কিন্তু হয়ে ওঠে না। লিটন একপ্রান্ত আগলে রেখে আমার কাজ সহজ করেছে। এই উইকেটে রান করা কঠিন। লিটন পাশে থাকায় তা সহজ হয়েছে।’

/টিই/