শিরোনাম

বিদ্যুৎ সংকট মোকাবিলায় ‘বড় ড্রাইভ’ দরকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ সংকট মোকাবিলায় ‘বড় ড্রাইভ’ দরকার: রিজভী
জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের এক সংবর্ধনা অনুষ্ঠানে রুহুল কবির রিজভী।

দেশজুড়ে বাড়তে থাকা লোডশেডিং পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের বড় ধরনের ড্রাইভ দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে ভয়াবহ লোডশেডিং চলছে। এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও দপ্তরগুলোকে আরও সক্রিয় হতে হবে। তিনি বলেন, সংকট মোকাবিলায় বড় ধরনের ড্রাইভ দিতে হবে।

তীব্র গরমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজশাহীতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা জরুরি। তিনি বিদ্যুৎ মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রায় ৪ হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতির কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, সংকট নেই এ কথা বলে দায় এড়ানো যাবে না। জনগণকে বাস্তবতা জানাতে হবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি দাবি করেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। ইরান থেকে জ্বালানিবাহী জাহাজ আসতে না পারার বিষয়টিও তিনি উল্লেখ করেন। তবে কিছু ক্ষেত্রে কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, জ্বালানি সংকট আন্তর্জাতিক কারণেই তৈরি হয়েছে, এটি কোনো একটি দলের ব্যর্থতার ফল নয়। এ বিষয়ে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড. সুকোমল বড়ুয়া ও অধ্যাপক ড. আব্দুস সাত্তারসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এসএ/