শিরোনাম

ট্রাম্পের ডিনারে গুলির সময় কী করছিলেন অতিথিরা

সিটিজেন ডেস্ক
ট্রাম্পের ডিনারে গুলির সময় কী করছিলেন অতিথিরা
গুলির শব্দ শুনে অতিথিদের অনেকে টেবিলের নিচে আশ্রয় নেন। ছবি: রয়টার্স

ওয়াশিংটনের হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের জন্য আয়োজন হয়েছিল বার্ষিক নৈশভোজ। শনিবারের (২৫ এপ্রিল) ওই নৈশভোজে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

নৈশভোজ অনুষ্ঠানে আকস্মিক গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতিথিদের কেউ কেউ টেবিলের নিচে আশ্রয় নেন। ট্রাম্প এবং মেলানিয়াকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের এক কর্মকর্তা বলেন, হামলাকারী তার শটগান দিয়ে সিক্রেট সার্ভিসের এক সদস্যের দিকে গুলি ছোড়েন। ওই কর্মকর্তার পরনে বুলেটপ্রুফ ভেস্ট থাকায় তিনি প্রাণে বেঁচে যান।

গুলির শব্দ শোনামাত্রই অতিথিরা কথা বলা থামিয়ে দেন। মুহূর্তেই চারদিকে চিৎকার শুরু হয়– ‘নিচে বসে পড়ুন, নিচে বসুন!’

শত শত অতিথি এসময় আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন। বুলেটপ্রুফ ভেস্ট পরা সিক্রেট সার্ভিস কর্মকর্তারা দৌড়ে ডাইনিং হলে ঢুকে পড়েন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মঞ্চের পেছনে নিচু হয়ে বসেন। এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নৈশভোজ অনুষ্ঠান থেকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তা কর্মকর্তারা। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নৈশভোজ অনুষ্ঠান থেকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তা কর্মকর্তারা। ছবি: রয়টার্স

কিছুক্ষণের মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও তাদের নিরাপত্তা দল সরিয়ে নিয়ে যায়।

নৈশভোজে প্রায় ২ হাজার ৬০০ জন অতিথি উপস্থিত ছিলেন। তাদের অনেকেই নিরাপদ আশ্রয় খুঁজে নেন। ওয়েটাররা আতঙ্কে ডাইনিং হলের সামনের দিকে ছুটে যান।

কয়েক মুহূর্তের বিশৃঙ্খলার পর অতিথিরা টেবিলের নিচ থেকে বেরিয়ে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন।

হামলাকারীকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং কয়েকটি ছুরি ছিল। ভিডিও ফুটেজে দেখা গেছে, তিনি দ্রুত নিরাপত্তা চেকপয়েন্ট অতিক্রম করার চেষ্টা করছিলেন। তখনই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অস্ত্র তাক করে তাকে আটক করেন।

সূত্র: রয়টার্স, বিবিসি

/এফসি/