শিরোনাম

হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না: ট্রাম্প

সিটিজেন জার্নাল
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ওয়াশিংটন হিলটন হোটেলে গুলিবর্ষণের ঘটনার পর ইরান ইস্যুতে কঠোর অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, কোনো ধরনের হামলা তাকে ইরান যুদ্ধ সংক্রান্ত অবস্থান থেকে সরাতে পারবে না।

শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে এ হামলার ঘটনার পর হোয়াইট হাউসে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। আমি জানি না, এ হামলার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না। তবে এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, আমি মনে করি না, এর পেছনে কোনো যোগসূত্র আছে।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিছুটা সংশয় প্রকাশ করে তিনি বলেছিলেন, হামলার পেছনে ইরান যুদ্ধের সংশ্লিষ্টতা আছে কি না, তা ‘বলা মুশকিল’।

হামলাকারীকে একজন ‘লোন উলফ’ বা নিঃসঙ্গ হামলাকারী হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, তদন্তকারীরা হামলার প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার পাকিস্তানে যাচ্ছেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ইরানিদের সঙ্গে আলোচনার জন্য আমরা বারবার উড়োজাহাজে ১৫ ঘণ্টা করে যাওয়া-আসা করতে পারি না। যা যথেষ্ট কার্যকর নয়। তাই আমরা এখন থেকে টেলিফোনে যোগাযোগ করব। তারা (ইরান) চাইলে যেকোনো সময় আমাদের ফোন করতে পারে।

/এসবি/