শিরোনাম

দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে দেশে ফিরেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

অর্থ পাচার মামলার গ্রেপ্তারি পরোয়ানা সত্বেও দীর্ঘ ছয় মাস পর দেশে ফিরেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। বিদেশে চিকিৎসা শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে শত শত সমর্থক ও দলীয় কর্মী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিরোধী দল নেপালি কংগ্রেসের ৮০ বছর বয়সী এ বর্ষীয়ান নেতা সমর্থকদের ভালোবাসার জবাব দেন হাসিমুখে। শুক্রবার (১৪ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া দলের ৩ দিনব্যাপী বিশেষ সম্মেলনেও তার যোগ দেওয়ার কথা রয়েছে।

চলতি বছরের এপ্রিলে অর্থ পাচারের অভিযোগে দেউবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুলিশ। একই মামলায় তার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবার বিরুদ্ধেও পরোয়ানা রয়েছে। দেউবা দেশের সাবেক প্রধানমন্ত্রী হওয়ায় নিয়মানুযায়ী তাকে শোভাযাত্রা ও বিমানবন্দর থেকে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে। তবে গ্রেপ্তারের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত অর্থ পাচার তদন্ত বিভাগের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে পুলিশ।

মূলত জেন-জি তথা তরুণদের টানা আন্দোলনের মুখে নেপালের তৎকালীন সরকারের পতন ঘটেছিল। পরবর্তীতে অনুষ্ঠিত নির্বাচনে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বালেন্দ্র শাহ। নতুন সরকার ক্ষমতায় এসেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে এবং হেভিওয়েট রাজনৈতিক নেতাদের আইনি জবাবদিহিতার আওতায় আনে। সেই ধারাবাহিকতাতেই দেউবার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। এর আগে মার্চে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিসহ একাধিক শীর্ষ নেতাকেও স্বল্প সময়ের জন্য গ্রেপ্তার করা হয়েছিল।

তবে নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন পাঁচবারের সাবেক এ প্রধানমন্ত্রী। সরকারবিরোধী গণআন্দোলনের সময় তার বাসভবনে আগুন দেওয়া হয় এবং সেখান থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেউবার দাবি, এসব ভিডিও সম্পূর্ণ ভুয়া এবং তাকে রাজনৈতিকভাবে হেয় করার চক্রান্ত। সব মিলিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই তার এ প্রত্যাবর্তন দেশটির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: দ্য স্ট্রেট টাইমস

/এমএকে/