শিরোনাম

জার্মানিতে তীব্র তাপপ্রবাহ, ১০ বছরে সর্বোচ্চ প্রাণহানি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
জার্মানিতে তীব্র তাপপ্রবাহ, ১০ বছরে সর্বোচ্চ প্রাণহানি
প্রচন্ড গরমের কারণে জলকামান দিয়ে লোকজনের ওপর পানি ছিটানো হচ্ছে। ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইউরোপের দেশ জার্মানিতে তীব্র গরম যেন কাল হয়ে দেখা দিয়েছে। চলতি বছরের এখন পর্যন্ত গরমের কারণে দেশটিতে প্রায় ১২ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। ২০১৬ সালে পর এটিই এক বছরে গরমের কারণে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। দেশটির শীর্ষস্থানীয় জনস্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান ‘রবার্ট কচ ইনস্টিটিউট’ (আরকেআই) তাদের সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি ৬ এপ্রিল থেকে ২ আগস্ট পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অন্যান্য বছরের গড় তাপমাত্রার তুলনায় এ বছর প্রচণ্ড গরমে অস্বাভাবিকসংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। এর আগে বিগত এক দশকের মধ্যে ২০১৮ সালে ৯ হাজার ৪০০ জন এবং ২০১৯ সালে ৭ হাজার ৭০০ জন মারা গিয়েছিলেন। তবে গবেষকরা জানিয়েছেন, এই সাড়ে ১২ হাজারের হিসাবটি একটি সতর্কতামূলক প্রাথমিক অনুমান মাত্র। প্রকৃতপক্ষে গরমের কারণে মোট মৃত্যুর সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে।

চলতি বছরে বিশেষ করে জার্মানির সারল্যান্ড এবং রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্য দুটিতে গরমের প্রকোপ ছিল সবচেয়ে মারাত্মক। সারা দেশে প্রতি লাখ বাসিন্দার মধ্যে গড়ে ১৫ জন তাপজনিত কারণে মারা গেছেন। কিন্তু সারল্যান্ডে এ হার দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৪ এবং রাইনল্যান্ড-প্যালাটিনেটে ৩৮ দশমিক ৭ জন। পরিসংখ্যান বলছে, এ তীব্র গরম সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলেছে প্রবীণদের। নথিভুক্ত মোট মৃত্যুর মধ্যে ৮৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণের সংখ্যাই প্রায় ৬ হাজার ৩০০ জন। এ ছাড়া ৩,১০০ জনেরও বেশি ছিলেন ৭৫ থেকে ৮৪ বছর বয়সী এবং প্রায় ১,৯০০ জন ছিলেন ৬৫ থেকে ৭৪ বছর বয়সী। অন্যদিকে ৬৫ বছরের কম বয়সী মারা গেছেন প্রায় ১,২০০ জন।

চলতি বছরের জুনের শেষের দিকের তীব্র গরম মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। আরকেআই-এর তথ্য মতে, কেবল ২২ থেকে ২৮ জুনের মধ্যকার এক সপ্তাহেই গরমের কারণে আনুমানিক ৯ হাজার ৬০০ জনের প্রাণহানি ঘটে। জার্মানির বেশ কিছু অঞ্চলে সে সময় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের (১০৪ ডিগ্রি ফারেনহাইট) কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আরকেআই জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রা মিলিয়ে যখন কোনো সপ্তাহের গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে, তখনই মানুষের অসুস্থ হওয়া ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। ২৭ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সপ্তাহে জার্মানিজুড়ে এ গড় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা প্রবীণ ও শারীরিকভাবে দুর্বলদের জন্য প্রাণঘাতী পরিবেশ তৈরি করেছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/