শিরোনাম

নেপালে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রীর শান্তির বার্তা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নেপালে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রীর শান্তির বার্তা
নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

নেপালের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতায় অন্তত তিনজন প্রাণ হারানোর পর দেশবাসীকে সংযম ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সুনসারি, সিরাহা, ধনুসা ও পারসাসহ বেশ কয়েকটি জেলায় কারফিউ জারি ও ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

সহিংসতা শুরুর পর প্রথমবারের মতো বৃহস্পতিবার (৩০ জুলাই) জাতির উদ্দেশে দেওয়া সাড়ে চার মিনিটের এক ভাষণে প্রধানমন্ত্রী এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দৃঢ় প্রতিশ্রুতি দেন। ঘটনার সূত্রপাত হয় রবিবার (২৬ জুলাই) রাতে সুনসারি জেলার দেওয়ানগঞ্জে। তীর্থযাত্রার সময় উচ্চস্বরে গান বাজানো এবং ধর্মীয় পতাকা নিয়ে স্থানীয় দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ বাঁধে। মুহূর্তের মধ্যে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে রূপ নিলে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি চালিয়ে ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস ও সশস্ত্র পুলিশের গুলিবর্ষণে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে ওই ঘটনায় আহত আরও একজন কোশি প্রদেশে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। সহিংসতার রেশ ধরে বৃহস্পতিবার মধেশ প্রদেশের সিরাহা জেলার গোলবাজারে নতুন করে সংঘর্ষে এক কিশোর নিহত হলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় তিনে।

সহিংসতা ছড়িয়ে পড়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শাহ সবাইকে ধৈর্য ও সংযম প্রদর্শনের অনুরোধ জানান। নেপালি ও মৈথিলি- উভয় ভাষায় দেওয়া ভাষণে তিনি বলেন, যেকোনো ধর্মের মূল সুরই হলো ভালোবাসা, করুণা ও শান্তি। দেশের কোনো একটি অংশের অঘটনকে কেন্দ্র করে পুরো একটি সম্প্রদায়কে দায়ী করা কিংবা প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। একই সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি আরও বাড়িয়ে তুলতে পারে এমন কোনো ভুল তথ্য বা সামাজিক যোগাযোগমাধ্যমের উসকানিমূলক পোস্ট থেকে নাগরিকদের বিরত থাকার পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। সংকট নিরসনে কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত তৎপরতা জোরদার করা হয়েছে। একটি সর্বদলীয় বৈঠকের পাশাপাশি স্থানীয় প্রতিনিধি, সুশীল সমাজ ও ধর্মীয় নেতাদের সঙ্গে সার্বক্ষণিক আলোচনা চলছে। এছাড়া দেশের সার্বিক আইনশৃঙ্খলা পর্যালোচনায় জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতের মতো এবারও পারস্পরিক সহনশীলতা ও ঐক্যের জোরে নেপাল এই সংকট কাটিয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএকে/