শিরোনাম

ঘূর্ণিঝড় ডলফিনের প্রভাবে চীনে ভারী বৃষ্টির শঙ্কা, সতর্কতা জারি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ঘূর্ণিঝড় ডলফিনের প্রভাবে চীনে ভারী বৃষ্টির শঙ্কা, সতর্কতা জারি
চীনের সাংহাইতে একজন ব্যক্তি একটি জলমগ্ন রাস্তা দিয়ে ইলেকট্রিক বাইক চালাচ্ছেন। ছবি: রয়টার্স

শক্তিশালী ঘূর্ণিঝড় ডলফিনের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে চীন। ঝড়টি কিছুটা দুর্বল হলেও এর প্রভাবে সৃষ্ট মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় থমকে গেছে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা। রাজধানী বেইজিং সহ আশপাশের অঞ্চলগুলোতে পাহাড়ি ঢল ও ভূমিধসের চরম ঝুঁকি তৈরি হওয়ায় হাজার হাজার মানুষকে ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন।

আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, বেইজিংয়ে আগামী ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অতিবৃষ্টির সতর্কতার মধ্যে শত শত পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়ার পাশাপাশি প্রবীণ নিবাস, নদীতীরবর্তী ও পাহাড়ি এলাকার অধিবাসীদের নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। যান চলাচলেও চরম ব্যাঘাত ঘটছে। সড়কপথের আড়াইশ বাস রুট স্থগিত করার পাশাপাশি মেট্রো ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। এর আগে উপকূলীয় ঝেজিয়াং প্রদেশে ঝড়টির সরাসরি আঘাতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ কৃষিজমি ও একের পর এক গ্রাম।

দুর্যোগ ছড়ানোর আশঙ্কায় প্রতিবেশী হেবেই প্রদেশের ২ হাজারের বেশি দুর্গম গ্রামে জরুরি যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন সরবরাহ করা হয়েছে। অন্যদিকে মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে আবহাওয়ার সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি রয়েছে। সেখানে বৃষ্টির হাত থেকে বাঁচতে স্কুল-কলেজ, ব্যবসা-বাণিজ্য ও যাবতীয় বাইরের কাজ বন্ধ রাখা হয়েছে। হেনানের উগ্যাং এবং প্রতিবেশী হুবেইয়ের শিয়াংইয়াং শহরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা আগস্ট মাসের সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে।

বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে চরম ভাবাপন্ন আবহাওয়া দেখা দিচ্ছে। এরই অংশ হিসেবে এল নিনো আবহাওয়ার কারণে অঞ্চলটিতে উষ্ণতা বৃদ্ধির পাশাপাশি ঘন ঘন এত শক্তিশালী ঝড় তৈরি হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষকে জলাবদ্ধ রাস্তা এড়িয়ে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/